যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের কুইন্স এলাকায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি এক তরুণীর মৃত্যু হয়েছে। তার নাম নিশাত জান্নাত।
রোববার (২৯ মার্চ) রাত ১২টার দিকে রুজভেল্ট অ্যাভিনিউ ও ৬২ স্ট্রিটের মোড়ে ট্রেন থেকে নেমে রাস্তা পার হওয়ার সময় একটি গারবেজ ট্রাকের ধাক্কায় প্রাণ হারান তিনি।
বিজ্ঞাপন
দুর্ঘটনার পর তার মরদেহ উদ্ধার করে ইমার্জেন্সি মেডিকেল সার্ভিস (ইএমএস)।
নিশাতের বাড়ি ছিল দুর্ঘটনাস্থল থেকে মাত্র দশ মিনিটের হাঁটা দূরত্বে। কাজ শেষে ফেরার পথে দেরি হওয়ায় বড় বোন নওশিন জান্নাত মোবাইলের লোকেশন ট্র্যাক করে দুর্ঘটনাস্থলে পৌঁছে পুলিশের উপস্থিতি ও নিশাতের নিথর দেহ দেখতে পান।
নিশাত জান্নাত জ্যামাইকার একটি পার্কিং গ্যারেজে পার্ট-টাইম রিসেপশনিস্ট হিসেবে কর্মরত ছিলেন। তার পরিবার ২০১৭ সালে সিলেট জেলার গোলাপগঞ্জ উপজেলার রায়গড় গ্রাম থেকে যুক্তরাষ্ট্রে অভিবাসী হিসেবে আসে। ১৯ বছর বয়সী নিশাতের বাবা হেলাল আহমদ উডসাইডের একটি মসজিদের ইমাম। চার বোনের মধ্যে নিশাত ছিলেন দ্বিতীয়। তার ৯ ও ৪ বছর বয়সী দুটি ছোট বোন রয়েছে, যাদের একজনের জন্য কেক নিয়ে ফিরছিলেন তিনি।
বড় বোন নওশিন জান্নাত কান্নাজড়িত কণ্ঠে বলেন, নিশাত সবসময় বলত-আশা রাখো, বর্তমানেই বাঁচো। সে নিজেই জানত না তার সময় এত কম।
বিজ্ঞাপন
দুর্ঘটনার বিষয়টি তদন্ত করছে নিউইয়র্ক পুলিশ বিভাগের হাইওয়ে ডিস্ট্রিক্টের কলিশন ইনভেস্টিগেশন স্কোয়াড।
নিহতের পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, মঙ্গলবার জোহরের নামাজের পর উডসাইডের বায়তুল জান্নাহ মসজিদে নিশাতের জানাজা হবে। পরে নিউজার্সির একটি মুসলিম কবরস্থানে তাকে দাফন করা হবে।
নিশাত জান্নাতের এমন মৃত্যুতে নিউইয়র্কের বাংলাদেশি কমিউনিটিতে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
এমআর

