বিএনপি-জামায়াতের অপরাজনীতির বিপক্ষে সারাদেশের মানুষ ফুঁসে উঠেছে বলে দাবি করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দীন নাছিম।
মঙ্গলবার (১৩ ডিসেম্বর) বিকেলে বাণিজ্য মেলার পুরাতন মাঠে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ আয়োজিত সমাবেশে যোগ দিয়ে তিনি এই কথা বলেন।
বিজ্ঞাপন
বাহাউদ্দীন নাছিম বলেন, ‘বাংলাদেশের মানুষ জাগরিত হয়েছে। আজকে এই জনসমুদ্রের উপস্থিতি মাধ্যমে প্রমাণিত হয়েছে, সারা বাংলাদেশের মানুষের সাথে ঢাকাবাসী উৎসাহে, আনন্দে সমবেত হয়েছে।’
নাছিম বলেন, ‘এই উৎসাহ-আনন্দের একটা মাত্র কারণ, ১০ তারিখে বিএনপি-জামায়াতের সন্ত্রাসীরা যারা বাংলাদেশে ধ্বংস করতে চেয়েছিল, যারা মানুষকে পুড়িয়ে মারে, বাংলাদেশকে সন্ত্রাসীদের অভয়ারণ্যে পরিণত করেছিল, এই ১০ ডিসেম্বর তারা সেই অপকর্মটি করার জন্য সর্বাত্মক প্রস্তুতি নিয়েছিল। ১০ ডিসেম্বর বিএনপি পরাজিত হয়েছে। গণতন্ত্র এবং আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিজয় হয়েছে।’

ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমানের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হবেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
বিজ্ঞাপন
ইতোমধ্যে সমাবেশে যোগ দিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কামরুল ইসলাম, জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, মহানগর উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম মান্নান কচি, যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ, সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল, বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সভাপতি মেহের আফরোজ চুমকি, ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলামসহ মহানগরের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
কারই/জেবি




