রোববার, ২৯ নভেম্বর, ২০২৬, ঢাকা

ইসির সংলাপে অংশ নিতে আলাদা সময় চায় জামায়াত

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২৯ নভেম্বর ২০২৬, ১২:১৭ পিএম

শেয়ার করুন:

ইসির সংলাপে অংশ নিতে আলাদা সময় চায় জামায়াত
ছবি: সংগৃহীত

আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন সামনে রেখে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু করছে নির্বাচন কমিশন (ইসি)। রোববার (২৯ নভেম্বর) প্রথম দিনের আলোচনায় ১৮টি দলকে আমন্ত্রণ জানানো হলেও এতে অংশ নিচ্ছে না বাংলাদেশ জামায়াতে ইসলামী। ১১-দলীয় ঐক্যের শরিকদের নিয়ে একসঙ্গে সংলাপে বসতে চায় দলটি। এ জন্য কমিশনের কাছে আলাদা সময় চেয়েছে তারা।

রোববার (২৯ নভেম্বর) থেকে টানা তিন দিন ৫৫টি নিবন্ধিত রাজনৈতিক দলের সঙ্গে মতবিনিময় করবে ইসি। নিবন্ধনের ক্রমানুসারে দলগুলোকে সংলাপের আমন্ত্রণ জানানো হয়েছে।

কমিশনের নির্ধারিত সূচি অনুযায়ী, প্রথম দিন জামায়াতে ইসলামীসহ ১৮টি দলকে আমন্ত্রণ জানানো হয়। তবে জামায়াত আজকের সংলাপে অংশ নিচ্ছে না। অন্যদিকে ১১-দলীয় ঐক্যের শরিক জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) পৃথকভাবে সংলাপে অংশ নেওয়ার পক্ষে অবস্থান নিয়েছে।

এ ছাড়া বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) আজকের পরিবর্তে আগামীকাল সোমবার সংলাপে অংশ নেবে। দলটির অনুরোধে তাদের জন্য সংলাপের সময় এক দিন পিছিয়ে দিয়েছে কমিশন।

ইসি সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার জামায়াতে ইসলামীর পক্ষ থেকে ১১-দলীয় ঐক্যভুক্ত দলগুলোকে নিয়ে সম্মিলিতভাবে সংলাপে অংশ নেওয়ার আগ্রহের কথা জানানো হয়। এ বিষয়ে আনুষ্ঠানিক চিঠি দেওয়ার পরামর্শ দেয় কমিশন।

জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ বলেন, ১১-দলীয় ঐক্যের জন্য আলাদা সময় চাওয়া হয়েছে। সময় নির্ধারণ করা হলে ওই দিন জোটের নেতারা একসঙ্গে নির্বাচন কমিশনে যাবেন।

সংলাপে অংশ নেওয়ার পদ্ধতি নিয়ে ১১-দলীয় ঐক্যের শরিকদের মধ্যে মতভিন্নতা দেখা দিয়েছে। জোটের অধিকাংশ দল একসঙ্গে আলোচনায় বসতে চাইলেও এনসিপি ও এবি পার্টি পৃথকভাবে অংশ নেওয়ার পক্ষে।

এ নিয়ে শুক্রবার (২৭ নভেম্বর) বিকেলে রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে ১১-দলীয় ঐক্যের লিয়াজোঁ কমিটির বৈঠক হয়। বৈঠকে নির্বাচন কমিশনের সঙ্গে সংলাপে জোটবদ্ধভাবে অংশ নেওয়া হবে, নাকি দলগুলো আলাদাভাবে যাবে, তা নিয়ে আলোচনা হয়। এনসিপি ও এবি পার্টি ছাড়া অন্য দলগুলো সম্মিলিতভাবে সংলাপে যাওয়ার পক্ষে মত দেয়।

টিএই/এআরএম

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর