শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬, ঢাকা

পৃথক বৈঠক নয়, ১১ দলকে সঙ্গে নিয়ে সংলাপ চায় জামায়াত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৭ নভেম্বর ২০২৬, ১২:৪৬ এএম

শেয়ার করুন:

পৃথক বৈঠক নয়, ১১ দলকে সঙ্গে নিয়ে সংলাপ চায় জামায়াত

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে রাজনৈতিক দলগুলোর পৃথক বৈঠক নয়, জাতীয় ঐক্য প্রতিষ্ঠায় সর্বদলীয় সংলাপ চায় বাংলাদেশ জামায়াতে ইসলামী। এ ধরনের সংলাপ হলে ১১ দলীয় জোটকে সঙ্গে নিয়ে তাতে অংশ নেবে দলটি।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে দলটির আমির শফিকুর রহমানের সভাপতিত্বে নির্বাহী পরিষদের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভা সূত্রে এ তথ্য জানা গেছে। শুক্রবার ১১ দলের লিয়াজোঁ কমিটির বৈঠক হওয়ার কথা রয়েছে। এরপর আনুষ্ঠানিকভাবে জোটের অবস্থান জানানো হবে।

জামায়াতের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নির্বাহী পরিষদের সভায় সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি, স্থানীয় সরকার নির্বাচন নিয়ে নির্বাচন কমিশনের সঙ্গে জামায়াতের মতবিনিময় এবং কিশোরগঞ্জ-৩ আসনের উপনির্বাচনে দলটির অংশগ্রহণের বিষয়ে আলোচনা হয়েছে।

জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ বলেন, ফ্যাসিবাদের বিরুদ্ধে জাতীয় ঐক্য গড়ে তোলার বিষয়ে জামায়াত একমত। এ জন্য জুলাই গণঅভ্যুত্থানের পক্ষের দলগুলোর মধ্যে সর্বদলীয় সংলাপ প্রয়োজন। তবে সংলাপ কোথায় হবে, সে প্রশ্নও রয়েছে। জাতীয় ঐক্য প্রতিষ্ঠায় গণভোটের রায় অনুযায়ী জুলাই জাতীয় সনদ বাস্তবায়নও জরুরি। এসব বিষয়ে ১১ দলের শরিকদের সঙ্গে আলোচনার মাধ্যমে অবস্থান নির্ধারণ করা হবে।

গত ১৮ নভেম্বর সংসদ ভবনে বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানের সঙ্গে অনানুষ্ঠানিক বৈঠক করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ১৫ মিনিটের ওই বৈঠকে প্রধানমন্ত্রী নাশকতার বিরুদ্ধে সব দলকে একমঞ্চে আসার আহ্বান জানান। সেখানে বিরোধীদলীয় নেতা সর্বদলীয় সংলাপের প্রস্তাব দেন।

আরও পড়ুন: জুলুমের শিকার যে-ই হোক, আমরা মজলুমের পক্ষে: জামায়াত আমির

এর আগে সংসদ অধিবেশনের সমাপনী ভাষণে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের তৎপরতা মোকাবিলায় জাতীয় ঐক্যের আহ্বান জানান প্রধানমন্ত্রী। অন্যদিকে, বিরোধীদলীয় নেতা জুলাই সনদ বাস্তবায়নের মাধ্যমে ঐক্য সুদৃঢ় করার আহ্বান জানান।

গত ২৩ নভেম্বর সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। বৈঠকে দলটির সদস্যসচিব আখতার হোসেন ও জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ উপস্থিত ছিলেন।

এনসিপি জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের শরিক। আনুষ্ঠানিক সংলাপের আগে এনসিপি এককভাবে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করায় নাখোশ জামায়াত। এনসিপিও প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়নের কথা বলেছে। তবে এ বিষয়ে কোনো সুনির্দিষ্ট বার্তা পায়নি দলটি।

গত ১৯ নভেম্বর ১১ দলের শীর্ষ নেতাদের বৈঠকে প্রধানমন্ত্রীর জাতীয় ঐক্যের আহ্বানে সাড়া দেওয়ার সিদ্ধান্ত হয়। বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়, জোটবদ্ধভাবে সংলাপে অংশ নেবেন তারা। তবে গণভোটে অনুমোদিত জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের শর্ত দেবেন। সনদ বাস্তবায়নের প্রতিশ্রুতি ছাড়া ঐক্যে যাবে না ১১ দল। ওই বৈঠকে এনসিপির প্রতিনিধিও উপস্থিত ছিলেন।

এনসিপির এককভাবে বৈঠকে অংশ নেওয়ায় অসন্তুষ্ট জামায়াত। দলটি ১১ শরিককে সঙ্গে নিয়েই সংলাপে অংশ নিতে চায় বলে সূত্র জানিয়েছে। জামায়াতের একজন জ্যেষ্ঠ নেতা বলেন, প্রধানমন্ত্রীর কার্যালয়ে বৈঠক নয়, রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা বা এ ধরনের কোনো স্থানে ফ্যাসিবাদবিরোধী সংলাপ হওয়া উচিত। সেখানে বিএনপিসহ সব দলের প্রতিনিধিদের উপস্থিতি থাকতে হবে।

এর আগে ২৭ বা ২৮ নভেম্বর সংলাপ হওয়ার সম্ভাবনার কথা আলোচনায় আসে। তবে বৃহস্পতিবার রাত পর্যন্ত সংলাপের দিনক্ষণ নিশ্চিত হয়নি। সংলাপের জন্য বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান নির্ধারিত সময়ের এক দিন আগে বুধবার দেশে ফিরলেও সংলাপ হবে কি না, তা এখনো নিশ্চিত নয়।

সংলাপের বিষয়ে বিরোধী দলগুলোর সঙ্গে যোগাযোগ করছেন বিএনপির হুইপ আশরাফ উদ্দিন নিজান। তিনি বলেন, সংলাপের আলোচনা চলছে। ফ্যাসিবাদের বিরুদ্ধে সব দল ঐক্যবদ্ধ রয়েছে। কবে নাগাদ আনুষ্ঠানিক সংলাপ হতে পারে, জানতে চাইলে তিনি বলেন, শিগগিরই সবকিছু দৃশ্যমান হবে।

আগামী ২৮ নভেম্বর শাহবাগে জুলাইপন্থীদের একটি অনুষ্ঠানে আওয়ামী লীগের পতন ঘটানো দলগুলোর নেতাদের একমঞ্চে দেখা যেতে পারে বলে একটি সূত্র জানিয়েছে।

সংলাপ না হলেও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতার প্রতিবাদে বিএনপি, জামায়াত ও এনসিপিসহ অধিকাংশ দল রাজপথে সক্রিয় রয়েছে। বিজয়ের মাস উপলক্ষে ১ ডিসেম্বর প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বড় জমায়েতের কর্মসূচি পালন করবে বিএনপি।

অন্যদিকে, জামায়াত ৩১ ডিসেম্বর পর্যন্ত ৪১ দিনের কর্মসূচি ঘোষণা করেছে। এ কর্মসূচির অংশ হিসেবে মহানগরের পর জেলা পর্যায়ে বিক্ষোভ করেছে দলটি। উপজেলা ও থানা পর্যায়েও একই ধরনের কর্মসূচি পালন করা হবে।

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর