মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দরের পরিচালনা, নিরাপত্তা ও নীতিনির্ধারণে বাংলাদেশের সার্বভৌম কর্তৃত্ব বজায় রাখার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও মহেশখালী-কুতুবদিয়ার সাবেক সংসদ সদস্য ড. এএইচ এম হামিদুর রহমান আযাদ। তিনি বলেছেন, বন্দরটির নিয়ন্ত্রণ কোনোভাবেই বিদেশি প্রতিষ্ঠানের হাতে ছেড়ে দেওয়া যাবে না। এমন ব্যবস্থা নিশ্চিত করতে হবে, যাতে ভবিষ্যতে কোনো পরিচালনাকারী প্রতিষ্ঠান ইস্ট ইন্ডিয়া কোম্পানিতে পরিণত হতে না পারে।
শনিবার (২১ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবের মানিক মিয়া হলে সেন্টার ফর ইনক্লুসিভ পলিসি অ্যান্ড গভর্নেন্সের (সিআইপিজি) আয়োজনে ‘মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর: উন্নয়নের সম্ভাবনা ও কৌশলগত নিরাপত্তার চ্যালেঞ্জ’ শীর্ষক গোলটেবিল আলোচনায় তিনি এসব কথা বলেন।
হামিদুর রহমান আযাদ বলেন, সমুদ্রবন্দর একটি দেশের অর্থনীতির জন্য যেমন সম্ভাবনার দ্বার খুলে দেয়, তেমনি জাতীয় নিরাপত্তা ও ভূরাজনীতির ক্ষেত্রেও নানা চ্যালেঞ্জ তৈরি করে। তাই জাতীয় নিরাপত্তা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে বঙ্গোপসাগর এবং মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দরকে কাজে লাগাতে হবে। বন্দরকে কেন্দ্র করে অর্থনৈতিক উন্নয়ন নিশ্চিত করার পাশাপাশি স্থানীয় জনগণের স্বার্থ এবং প্রকল্পের নেতিবাচক প্রভাবগুলোও গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে হবে।
তিনি আরও বলেন, মাতারবাড়ীতে সমুদ্রবন্দর নির্মাণের ফলে স্থানীয় জনগোষ্ঠী বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়েছে। প্রকল্পের কারণে বাস্তুচ্যুত হওয়া অনেক মানুষ এখনো ক্ষতিপূরণ পেতে বিভিন্ন দপ্তরে ঘুরছেন। উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের সময় ক্ষতিগ্রস্ত মানুষের অধিকার ও স্বার্থ নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব।
বাংলাদেশ নৌবাহিনীর সাবেক কর্মকর্তা, সমুদ্রবিষয়ক গবেষক ও বাংলাদেশ ইনস্টিটিউট অব মেরিটাইম রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের (বিমরাড) মহাপরিচালক কমোডর (অব.) সৈয়দ মিসবাহ উদ্দিন আহমদ বলেন, বাংলাদেশের ভূখণ্ড ও জলসীমা ব্যবহার করে অন্য দেশের পণ্যবাহী জাহাজ চলাচল করলেও সেগুলোর ওপর নিয়ন্ত্রণ বাংলাদেশেরই থাকতে হবে। জাহাজ চলাচলের ক্ষেত্রে বাংলাদেশের দেওয়া নির্দেশনা ও নীতিমালা অনুসরণ করতে হবে।
তিনি বলেন, কেবল গভীর সমুদ্রবন্দর নির্মাণ করলেই কাঙ্ক্ষিত অর্থনৈতিক সুফল পাওয়া সম্ভব নয়। এ জন্য দেশের অভ্যন্তরীণ যোগাযোগ অবকাঠামোর উন্নয়ন এবং বিভিন্ন পরিবহনব্যবস্থার মধ্যে কার্যকর আন্তঃসংযোগ গড়ে তোলা জরুরি।
বাংলাদেশ সরকারের সাবেক সিনিয়র সচিব শফিউল্লাহ বলেন, বাংলাদেশের নীতিগত অবস্থান কোনো দেশের বিরুদ্ধে হওয়া উচিত নয়। দেশের অর্থনৈতিক অগ্রগতি ও কৌশলগত নিরাপত্তা নিশ্চিত করাই নীতিনির্ধারণের মূল লক্ষ্য হওয়া প্রয়োজন। আঞ্চলিক ও ভূরাজনৈতিক বাস্তবতা বিবেচনায় নিয়ে আলোচনার মাধ্যমে দেশের স্বার্থ সংরক্ষণ করতে হবে।
গোলটেবিল আলোচনায় প্রবন্ধ উপস্থাপন করেন ড. মিজানুর রহমান। তিনি বলেন, মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর দেশের আমদানি-রপ্তানি বাণিজ্যে নতুন সম্ভাবনা তৈরি করতে পারে। এর মাধ্যমে পণ্য পরিবহনের সময় ও ব্যয় কমানোর পাশাপাশি বাংলাদেশ আঞ্চলিক ট্রান্সশিপমেন্টের গুরুত্বপূর্ণ কেন্দ্রে পরিণত হওয়ার সুযোগ পাবে।
প্রবন্ধে তিনি জানান, মাতারবাড়ী বন্দরের চ্যানেলের পরিকল্পিত গভীরতা ১৮ দশমিক ৫ মিটার। প্রায় ১৬ মিটার ড্রাফটের বড় জাহাজ চলাচলের উপযোগী করে বন্দরটি গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। তবে পর্যাপ্ত পণ্য পরিবহন, আধুনিক ব্যবস্থাপনা, উন্নত যোগাযোগ অবকাঠামো এবং বন্দরকেন্দ্রিক শিল্পায়ন নিশ্চিত করা না গেলে এই বিপুল বিনিয়োগ থেকে প্রত্যাশিত সুফল পাওয়া কঠিন হবে।
আলোচনায় বন্দরের উন্নয়ন ও পরিচালনা নিয়ে কয়েকটি সুপারিশ তুলে ধরেন বক্তারা। এর মধ্যে রয়েছে বন্দরের পরিচালনা, নিরাপত্তা ও কৌশলগত সিদ্ধান্ত গ্রহণে বাংলাদেশের পূর্ণ কর্তৃত্ব নিশ্চিত করা, বিদেশি আধিপত্য এবং কোনো একক রাষ্ট্রের ওপর অতিরিক্ত নির্ভরশীলতা এড়িয়ে চলা, সোনাদিয়া ও মাতারবাড়ী প্রকল্পের ব্যয়-সুবিধা তুলনামূলকভাবে মূল্যায়ন এবং ঋণ ও ব্যয়ের ক্ষেত্রে স্বচ্ছতা বজায় রাখা।
পাশাপাশি ভারত, নেপাল ও ভুটানসহ প্রতিবেশী দেশগুলোর সঙ্গে ন্যায্য বন্দর মাশুল, পারস্পরিক বাজার সুবিধা এবং সমতার ভিত্তিতে ট্রানজিট চুক্তি করার মাধ্যমে বাংলাদেশের অর্থনৈতিক স্বার্থ রক্ষার ওপর গুরুত্ব দেওয়া হয়। এ ছাড়া আন্তর্জাতিক মানের প্রযুক্তি ও দক্ষ ব্যবস্থাপনা নিশ্চিত করা, চট্টগ্রাম বন্দরের সঙ্গে সমন্বয় বাড়ানো, বন্দরকেন্দ্রিক শিল্পায়ন ও কর্মসংস্থান সম্প্রসারণ এবং উপকূলীয় পরিবেশ, জীববৈচিত্র্য ও স্থানীয় জনগোষ্ঠীর জীবন-জীবিকা সুরক্ষার সুপারিশ করেন বক্তারা।
সিআইপিজির চেয়ারম্যান অধ্যাপক ড. মোজাম্মেল হকের সভাপতিত্বে আলোচনা সভাটি সঞ্চালনা করেন প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক ড. খুরশীদ আলম।
আলোচনায় বক্তারা বলেন, মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দরের সাফল্য শুধু অবকাঠামো নির্মাণ কিংবা বিদেশি বিনিয়োগের পরিমাণ দিয়ে মূল্যায়ন করা যাবে না। দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি, বাণিজ্যিক সক্ষমতা, স্থানীয় কর্মসংস্থান, জাতীয় নিরাপত্তা এবং দীর্ঘমেয়াদি সার্বভৌম স্বার্থ কতটা সুরক্ষিত হচ্ছে, তার ওপরই নির্ভর করবে এই প্রকল্পের প্রকৃত সফলতা।
তারা আরও বলেন, বাংলাদেশ সব দেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ ও পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট সম্পর্ক বজায় রাখতে আগ্রহী। তবে কোনো বিদেশি শক্তির কৌশলগত স্বার্থের কাছে দেশের অর্থনৈতিক স্বার্থ ও স্বাধীনভাবে সিদ্ধান্ত গ্রহণের অধিকার বিসর্জন দেওয়া যাবে না।
এম/এআর




