ছয় দিনের সফরে শুক্রবার (২০ নভেম্বর) অস্ট্রেলিয়া ও মালয়েশিয়া যাচ্ছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। সফর শেষে আগামী ২৬ নভেম্বর তার দেশে ফেরার কথা রয়েছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বাংলাদেশ জামায়াতে ইসলামীর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সফরকালে অস্ট্রেলিয়া সরকারের উচ্চপর্যায়ের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন ডা. শফিকুর রহমান। এ ছাড়া দেশটিতে প্রবাসী বাংলাদেশিদের আয়োজিত বিভিন্ন কর্মসূচিতেও অংশ নেবেন তিনি। মালয়েশিয়া সফরেও প্রবাসীদের আয়োজিত কর্মসূচিতে অংশ নেওয়ার কথা রয়েছে তার।
সফরসঙ্গী হিসেবে থাকবেন সংসদ সদস্য ডা. মোসলেহ উদ্দিন ফরিদ, জামায়াত আমিরের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ও সংসদ সদস্য ব্যারিস্টার মীর আহমদ বিন কাশেম আরমান এবং বিরোধীদলীয় নেতার সহকারী একান্ত সচিব (এপিএস) মুহাম্মদ নজরুল ইসলাম।
শুক্রবার ঢাকা ত্যাগের সময় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে বিদায় জানাবেন জামায়াতের সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান ও অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন, ঢাকা মহানগর দক্ষিণের আমির ও সংসদ সদস্য নূরুল ইসলাম বুলবুল এবং ঢাকা মহানগর উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন।
টিএই/এআর




