বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬, ঢাকা

পতিত ফ্যাসিস্টদের নাশকতার বিরুদ্ধে খেলাফত মজলিসের বিক্ষোভ

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১৯ নভেম্বর ২০২৬, ০৪:৫৯ পিএম

শেয়ার করুন:

পতিত ফ্যাসিস্টদের নাশকতার বিরুদ্ধে খেলাফত মজলিসের বিক্ষোভ

পতিত ফ্যাসিস্টদের অপতৎপরতা ও নাশকতার প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে খেলাফত মজলিস।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বাদ জোহর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে এই বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিক হয়।

সমাবেশে দলটির মহাসচিব ড. আহমদ আব্দুল কাদের অভিযোগ করেন, ফ্যাসিস্ট শেখ হাসিনা ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে দেশে অস্থিরতা তৈরির ষড়যন্ত্র চলছে। এসব নাশকতা ও হত্যাযজ্ঞ বন্ধে সরকার ব্যর্থতার পরিচয় দিয়েছে।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ভারতের মাটিতে বসে শান্তিপ্রিয় মানুষকে লক্ষ্য করে হত্যার ষড়যন্ত্র করা হচ্ছে। আওয়ামী লীগের ছদ্মবেশে ভারতীয় এজেন্টরা দেশে তৎপরতা চালাচ্ছে। আগুন জ্বালিয়ে ও ভাঙচুর করে জনগণের সম্পদ বিনষ্ট করা হচ্ছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর হামলার পাশাপাশি সরকারি সম্পত্তি ধ্বংস করা হচ্ছে।

তিনি আরও বলেন, পতিত ফ্যাসিস্টদের অপতৎপরতা ও নাশকতার বিরুদ্ধে তারা তীব্র ঘৃণা ও প্রতিবাদ জানাচ্ছেন। সরকারকে অবিলম্বে জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

প্রধানমন্ত্রী তারেক রহমান সংসদে ফ্যাসিবাদবিরোধী সব রাজনৈতিক শক্তিকে ২০২৪ সালের গণঅভ্যুত্থানের চেতনায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন উল্লেখ করে খেলাফত মজলিস মহাসচিব বলেন, তারা প্রধানমন্ত্রীর এ আহ্বানকে স্বাগত জানান। তবে গত আট মাসে গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়নে সরকারপ্রধান আন্তরিক হলে আজকের সমস্যার সৃষ্টি হতো না।

তিনি আরও বলেন, ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য অটুট থাকবে। ২০২৪ সালের আন্দোলনে যারা মাঠে ছিলেন, তারা এখনো মাঠে আছেন। বাংলার জনগণও সজাগ রয়েছে। জাতীয় ঐক্য বিনষ্টের ষড়যন্ত্রকারীরা ব্যর্থ হয়েছে। অবিলম্বে গণভোটের রায় মেনে জুলাই সনদ বাস্তবায়নে কার্যকর উদ্যোগ নেওয়া, ফ্যাসিস্ট অপশক্তির বিচারপ্রক্রিয়া ত্বরান্বিত করা এবং দণ্ড কার্যকরের দাবি জানান তিনি।

খেলাফত মজলিস ঢাকা মহানগরী দক্ষিণের সভাপতি অধ্যাপক মাওলানা আজিজুল হকের সভাপতিত্বে এবং সহসাধারণ সম্পাদক কাজী আরিফুর রহমানের পরিচালনায় সমাবেশে বক্তব্য দেন দলটির নায়েবে আমির মাওলানা আহমদ আলী কাসেমী, যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসাইন ও অধ্যাপক আবদুল জলিল, ঢাকা মহানগরী উত্তরের সভাপতি মাওলানা সাইফুদ্দিন আহমদ খন্দকার, শ্রমিক মজলিসের কেন্দ্রীয় সভাপতি প্রভাষক আবদুল করিম, ইসলামী যুব মজলিসের কেন্দ্রীয় সভাপতি তাওহীদুল ইসলাম তুহিন এবং বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের সেক্রেটারি জেনারেল মুহাম্মদ ইসমাইল খন্দকার।

এদিকে একই দাবিতে রাজধানীর উত্তরা আজমপুর ও মিরপুর-১১ মেট্রো স্টেশন চত্বরে পৃথক বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়।

টিএই/এএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর