বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬, ঢাকা

গোপালগঞ্জে হামলা, প্রশাসনে থাকা ফ্যাসিবাদীদের শাস্তির দাবি সংসদে

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮ নভেম্বর ২০২৬, ০৭:৩৫ পিএম

শেয়ার করুন:

গোপালগঞ্জে হামলা, প্রশাসনে থাকা ফ্যাসিবাদীদের শাস্তির দাবি সংসদে
সংসদে কথা বলছেন জামায়াতে ইসলামীর সংসদ সদস্য নাজিবুর রহমান

গোপালগঞ্জ ও টুঙ্গিপাড়ায় হামলা, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনায় উদ্বেগ জানিয়ে প্রশাসনের মধ্যে থাকা ফ্যাসিবাদের অনুসারীদের খুঁজে বের করে শাস্তির দাবি জানিয়েছেন জামায়াতে ইসলামীর সংসদ সদস্য নাজিবুর রহমান। 

এ জন্য প্রতিটি জেলায় সংসদ সদস্যদের নেতৃত্বে ফ্যাসিবাদবিরোধী প্রতিরোধ কমিটি গঠনের প্রস্তাব দিয়েছেন তিনি। 

বুধবার (১৮ নভেম্বর) চতুর্থ অধিবেশনে শেষ দিনে বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন বিল-২০২৬ সংশোধন নিয়ে আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। এসময় অধিবেশনে সভাপতিত্বে করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।  

নাজিবুর রহমান বলেন, ‘আমরা যখন এই বিলের ওপর আলোচনা করছি, তখন গোপালগঞ্জের একজন এমপির বাড়িতে আগুন দেওয়া হয়েছে। আজকেও সেখানে টুঙ্গিপাড়ায় আমাদের ইউনিয়নের আমিরের দোকান পুড়িয়ে দেওয়া হয়েছে, লুট করা হয়েছে। মাননীয় স্পিকার, আমরা ফ্যাসিবাদবিরোধী অনেক কথাই অনেকভাবে বলি। সুন্দর সুন্দর বুলি কপচাই। কিন্তু এই ফ্যাসিবাদকে যদি আমরা প্রতিরোধ করতে না পারি, এই ফ্যাসিবাদের শিকড় যদি আমরা উপড়ে ফেলতে না পারি, এই দেশ সাফারার হবে। এই সমস্ত বিলের যে বিষয়গুলো সুবিধা, সুফল জনগণ ভোগ করতে পারবে না।’

তিনি বলেন, ‘আজকে মাননীয় প্রধানমন্ত্রী আছেন। জেলায় জেলায়, প্রত্যেকটা কনস্টিটিউয়েন্সিতে আমাদের এমপিদের নেতৃত্বে ফ্যাসিবাদ প্রতিরোধকারী কমিটি হোক। গতকালকে বলেছিলাম, প্রশাসনের মধ্যে ফ্যাসিবাদের ভূত রয়ে গিয়েছে। এ ব্যাপারে কঠোর শাস্তির ব্যবস্থা করতে হবে। শুধু বদলি করলে হবে না, ট্রান্সফার করলে হবে না।’

নিজ এলাকার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) বিরুদ্ধে অভিযোগ তুলে নাজিবুর রহমান বলেন, ওই কর্মকর্তার বিরুদ্ধে তিনি লিখিত অভিযোগ দিয়েছিলেন। ওসি ফেসবুকে আওয়ামী লীগের প্রশংসা করেছিলেন। কয়েক দিন আগেও পত্রিকায় প্রতিবেদন এসেছে, তিনি আওয়ামী লীগের নেতাকর্মীদের আশ্রয় দিচ্ছেন।

তিনি আরও বলেন, ‘পরশুদিন দেখলাম, এক ছাত্রলীগের ইউনিয়ন সভাপতি বলেছে, ‘জনাব ওসি, আমি যদি মুখ খুলি তাহলে কি আপনি থাকতে পারবেন?’ সেই ওসিও নাকি প্রধানমন্ত্রীর দফতরের একজন সচিব মর্যাদার ব্যক্তির আশ্রয়-প্রশ্রয়ে থাকেন। তার ট্রান্সফারও হয় না, কোনো শাস্তিও হয় না।’

এ ধরনের ব্যক্তিদের খুঁজে খুঁজে শাস্তি দেওয়ার দাবি জানান তিনি।

আলোচনায় অংশ নিয়ে ঢাকা-১২ আসনের জামায়াতের সংসদ সদস্য সাইফুল আলমও গোপালগঞ্জের পরিস্থিতি এবং সেখানে প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন। তিনি বলেন, গোপালগঞ্জে সহিংসতার ঘটনায় জেলা প্রশাসককে ক্লোজ করা হলেও পুলিশ সুপারকে ফেনীর মতো বড় জেলায় পদায়ন করা হয়েছে।

সাইফুল আলম বলেন, ‘গোপালগঞ্জ একটা ছোট্ট জেলা। এখান থেকে গোপালগঞ্জের এই তাণ্ডব মোকাবিলায় ব্যর্থ এসপিকে ফেনীর মতো বড় একটি জেলায় দিয়ে তাকে পুরস্কার দেওয়া হলো। স্পিকার, এটার আমরা নিন্দা জানাচ্ছি। এভাবে বসে বসে সারাদেশ ফুটতেছে, আর আমরা দেখব- এই পলিসি থেকে সরকারকে বেরিয়ে আসতে হবে।’

সৌরবিদ্যুৎ স্থাপনের নীতি ও পরিকল্পনাকে স্বাগত জানিয়ে তিনি বলেন, এ বিষয়ে গঠিত জাতীয় পলিসি কাউন্সিলে বিরোধী দলীয় নেতা রয়েছেন। তবে জনসম্পৃক্ততা এবং সরকার ও বিরোধী দলের অংশগ্রহণ বাড়াতে জাতীয় সংসদের বিরোধী দলের আরও দুজন সংসদ সদস্যকে কাউন্সিলে অন্তর্ভুক্ত করার প্রস্তাব দেন তিনি।

সাইফুল আলম আরও বলেন, সৌরবিদ্যুৎ বিষয়ে কমিটির নীতি ও পরিকল্পনা প্রণয়নের উদ্যোগ নেওয়া হলেও সেখানে বিদ্যুৎ খাতের কোনো বিশেষজ্ঞ রাখা হয়নি।

এমএইচএইচ/এএইচ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর