অস্ট্রেলিয়াসহ ওশেনিয়া অঞ্চলে বাংলাদেশের রপ্তানি বাজার সম্প্রসারণ এবং নতুন ক্রেতা খুঁজতে মেলবোর্নে শুরু হয়েছে তিন দিনব্যাপী আন্তর্জাতিক বাণিজ্য প্রদর্শনী ‘গ্লোবাল সোর্সিং এক্সপো–২০২৬’।
এতে তৈরি পোশাক, বস্ত্র ও গৃহসজ্জাসামগ্রীসহ বিভিন্ন রপ্তানিমুখী পণ্য নিয়ে অংশ নিচ্ছে বাংলাদেশের ১৪টি প্রতিষ্ঠান। এ প্রদর্শনীকে ঘিরে নতুন ক্রেতা আকর্ষণ, রফতানি আদেশ অর্জন এবং আন্তর্জাতিক ব্যবসায়িক যোগাযোগ বাড়ানোর প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা।
মঙ্গলবার (১৭ নভেম্বর) অস্ট্রেলিয়ার মেলবোর্ন কনভেনশন অ্যান্ড এক্সিবিশন সেন্টারে শুরু হয়েছে এ প্রদর্শনী। চলবে ১৯ নভেম্বর পর্যন্ত। এতে বিশ্বের ২০টি দেশের ৯ শতাধিক প্রদর্শক অংশ নিচ্ছেন।
বাংলাদেশের অংশ নেওয়া ১৪টি প্রতিষ্ঠানের মধ্যে ৯টি রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) আর্থিক সহযোগিতা ও অস্ট্রেলিয়ায় বাংলাদেশ হাইকমিশনের ব্যবস্থাপনায় অংশ নিয়েছে। বাকি পাঁচটি প্রতিষ্ঠান নিজস্ব ব্যবস্থাপনায় মেলায় অংশ নিচ্ছে।
মেলায় বাংলাদেশি প্রতিষ্ঠানগুলো তৈরি পোশাক, বস্ত্র, গৃহসজ্জাসামগ্রীসহ বিভিন্ন সম্ভাবনাময় পণ্য প্রদর্শন করছে। পাশাপাশি ইপিবির পৃথক স্টলে দেশের রফতানি খাত নিয়ে বিভিন্ন প্রকাশনা, সাময়িকী, জার্নাল ও তথ্য-উপাত্তভিত্তিক দলিল প্রদর্শন ও বিতরণ করা হচ্ছে। এর মাধ্যমে বাংলাদেশের রফতানি সক্ষমতা, পণ্যের বৈচিত্র্য এবং আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতার সামর্থ্য তুলে ধরা হচ্ছে।
প্রদর্শনীতে বাংলাদেশের অংশগ্রহণের মূল লক্ষ্য অস্ট্রেলিয়ার বাজারে দেশীয় পণ্যের পরিচিতি বাড়ানো এবং নতুন আমদানিকারক ও ক্রেতাদের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপন। একইসঙ্গে আন্তর্জাতিক ক্রেতা, উৎপাদক, সরবরাহকারী ও নকশাবিদদের সঙ্গে মতবিনিময়ের মাধ্যমে নতুন ব্যবসায়িক অংশীদারত্ব তৈরির সুযোগ কাজে লাগাতে চায় অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো।
মঙ্গলবার সকালে বাংলাদেশ প্যাভিলিয়নের উদ্বোধন করেন অস্ট্রেলিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার এফ. এম. বোরহান উদ্দিন। এসময় বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্মসচিব তানভীর আহমেদ, ইপিবির সচিব মো. বজলুর রশীদ এবং বাংলাদেশ হাইকমিশনের বাণিজ্যিক কাউন্সেলর রনি চাকমা উপস্থিত ছিলেন। এছাড়া অংশগ্রহণকারী প্রতিষ্ঠানের প্রতিনিধি, প্রবাসী বাংলাদেশি কমিউনিটির নেতারা এবং মেলার আয়োজকেরা অনুষ্ঠানে যোগ দেন।
প্রদর্শনীর ‘লার্নিং ল্যাব’-এ আয়োজিত বিশেষ সেমিনারে বাংলাদেশের রফতানি সম্ভাবনা, পণ্যের বহুমুখীকরণ এবং আন্তর্জাতিক বাজার সম্প্রসারণের সুযোগ তুলে ধরেন বাণিজ্যিক কাউন্সেলর রনি চাকমা। এতে বিভিন্ন দেশের ব্যবসায়ী প্রতিনিধি ও আন্তর্জাতিক অংশগ্রহণকারীরা বাংলাদেশের রপ্তানি খাত সম্পর্কে ধারণা পান।
খাতসংশ্লিষ্টদের প্রত্যাশা, এ প্রদর্শনীতে অংশগ্রহণের মধ্য দিয়ে অস্ট্রেলিয়াসহ ওশেনিয়া অঞ্চলে বাংলাদেশের রফতানি বাজার সম্প্রসারণের নতুন সুযোগ তৈরি হবে। পাশাপাশি নতুন ক্রেতা ও আমদানিকারক আকৃষ্ট করা, রফতানি আদেশ পাওয়া এবং দীর্ঘমেয়াদি ব্যবসায়িক অংশীদারত্ব গড়ে তোলার পথ সুগম হবে। নতুন বাজার অনুসন্ধান ও রফতানি পণ্যের বহুমুখীকরণে এ ধরনের আন্তর্জাতিক প্রদর্শনীতে অংশগ্রহণে ইপিবির সহযোগিতা ও সমন্বয় অব্যাহত থাকবে।
এমআর/এএইচ




