রেডিমেড গার্মেন্টস (আরএমজি) শিল্পের অস্থিরতা নিয়ে সংসদে আলোচনার বিষয়টি বারবার কার্যপ্রণালি থেকে বাদ পড়ায় ক্ষোভ প্রকাশ করেছেন পটুয়াখালী-২ আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য শফিকুল ইসলাম মাসুদ। তিনি বলেন, দেশের অর্থনীতির গুরুত্বপূর্ণ এই শিল্পের সংকট নিয়ে আলোচনা করতে চাইলেও বিরোধী দলের পক্ষ থেকে বারবার উদ্যোগ নেওয়ার পরও সেই সুযোগ পাওয়া যাচ্ছে না।
সোমবার (১৬ নভেম্বর) জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের ষষ্ঠ দিনে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে তিনি এই ক্ষোভ প্রকাশ করেন। এ সময় অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার কায়সার কামাল।
সংসদে প্রশ্নোত্তর পর্ব শেষে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে শফিকুল ইসলাম মাসুদ বলেন, ‘গত তিন দিন আগে আমাদের প্রসিডিউরে ছিল যে রেডিমেড গার্মেন্টস (আরএমজি) শিল্পের অস্থিরতা নিয়ে আলোচনা। সেদিন আলোচনা থাকতে থাকতেই সেটি বাদ পড়ে গেল। বলা হলো, পরবর্তী রবিবার এটা আলোচনা হবে। আমরা রবিবারে দেখলাম যে আমাদের প্রসিডিউরে এটা আছে। আমরা অপেক্ষা করলাম, যারা আলোচনা করবেন। আমরা ভাবছি, এটা তো দেশের স্বার্থ, এটা শুধু সরকার বা বিরোধী দলের ব্যাপার নয়, আমাদের সবার ব্যাপার।’
তিনি আরও বলেন, ‘সেখানে দেখলাম, গতকাল হঠাৎ করে ৭টা ৪৯ বা ৫০ যখন বাজে, তখন সংসদ ক্লোজ করে দেওয়া হলো, জাস্ট এটার আগমুহূর্তে। আজকে দেখলাম, আবার এটা আমাদের প্রসিডিউরের মধ্যে নেই। তো যেখানে গার্মেন্টস শিল্প মুখ ফিরিয়ে নিচ্ছে, সফর ক্যানসেল করে দিচ্ছে, দেড় হাজার কোটি টাকা ক্ষতি হয়ে গেল, আমাদের মানে দেশগুলো ভিয়েতনামে চলে যাচ্ছে, ভারতে চলে যাচ্ছে, নেপালে চলে যাচ্ছে, এরকম একটা ইম্পর্ট্যান্ট ইস্যুকে বারবার ইগনোর করে এবং এখন এটাকে ল্যাপস করে দেওয়া হচ্ছে। আলোচনা করে আমরা এটা নিয়ে আসতে পারছি না।’
তিনি বলেন, ‘এটা তো সরকার দলেরই উচিত ছিল আলোচনায় নিয়ে আসা। সেখানে বিরোধী দল থেকে আমরা বারবার তোলার পরও আমরা এটা পাচ্ছি না কেন, মাননীয় স্পিকার? আমরা এই বৈষম্যের শিকার হব কেন?’
এ সময় ডেপুটি স্পিকার কায়সার কামাল বলেন, ‘মাননীয় সদস্য, না, বৈষম্য না, আপনি বসুন। এই ১৪৭-এর ইনিশিয়েটর যিনি, মাননীয় সদস্য নাজিবুর রহমান সাহেবের সঙ্গেই আমাদের কথা হয়েছে। উই আর ওয়ার্কিং অন ইট। ধন্যবাদ।’
এমএইচএইচ/এআর




