দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, খুন, রাহাজানি ও সন্ত্রাসের ঘটনা বেড়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের। তিনি বলেন, বিএনপি সরকারের আমলে নতুন করে গুপ্তহত্যার ঘটনাও ঘটছে। অথচ স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ আইনশৃঙ্খলা পরিস্থিতির দিকে নজর না দিয়ে বিরোধী দলের চরিত্র হননে ব্যস্ত রয়েছেন। এটি মূলত নিজের ব্যর্থতা আড়াল করার চেষ্টা।
শুক্রবার (৬ নভেম্বর) চট্টগ্রামের ফটিকছড়ির আল-জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলূম বাবুনগর মাদ্রাসায় জামায়াতে ইসলামীকে নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর দেওয়া বক্তব্যকে মিথ্যাচার আখ্যা দিয়ে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এসব কথা বলেন জুবায়ের।
বিবৃতিতে এহসানুল মাহবুব জুবায়ের স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, ইসলামী মূল্যবোধে বিশ্বাসী সংগঠন হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামী দীর্ঘদিন ধরে দেশে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করছে। জাতীয় ও স্থানীয় নির্বাচনে অংশ নিয়ে দলটি জনগণের সমর্থন পেয়েছে। কল্যাণমুখী সংগঠন হিসেবে জনগণের ভালোবাসা ও সমর্থন নিয়ে বিগত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করে বর্তমানে দায়িত্বশীল বিরোধী দলের ভূমিকা পালন করছে। দেশ ও জাতির কল্যাণে সরকারকে জবাবদিহির আওতায় রাখার চেষ্টা করছে। এ অবস্থায় জামায়াতকে জড়িয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য অসত্য। এর নিন্দা জানানোর ভাষা নেই।
জুবায়ের আরও বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর গঠনতন্ত্র ও সাংগঠনিক কার্যক্রমের সব বিষয় স্পষ্ট এবং প্রকাশ্য। ফলে দলটির লক্ষ্য, উদ্দেশ্য কিংবা আকিদা নিয়ে বিভ্রান্তি ছড়ানোর কোনো সুযোগ নেই। জামায়াতে ইসলামী প্রত্যেক মুসলিমকে ব্যক্তিগত জীবনে ইসলামের বিধিবিধান পালনে উৎসাহিত করে। একই সঙ্গে অন্যান্য ধর্ম ও মতের নাগরিকদের অধিকার সমুন্নত রাখতেও প্রতিশ্রুতিবদ্ধ। দলটি জনগণের আকাঙ্ক্ষাকে সম্মান ও শ্রদ্ধা করে। তাই বিষোদ্গার করে জনগণকে বিভ্রান্ত করা সম্ভব হবে না।
তিনি বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি ঐক্যবদ্ধ বাংলাদেশ গঠনে অঙ্গীকারবদ্ধ। বিগত ত্রয়োদশ জাতীয় নির্বাচনে দলটির ইশতেহারে এর প্রতিফলন রয়েছে। সংগঠনের চলমান কার্যক্রমেও তা স্পষ্ট। জামায়াতে ইসলামী দেশে কোনো ধরনের বিভক্তিকে প্রশ্রয় দেয় না। বরং নাগরিকদের মৌলিক অধিকার রক্ষা, ন্যায়বিচার ও সুশাসন প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে।
বিবৃতিতে তিনি আরও অভিযোগ করেন, স্বরাষ্ট্রমন্ত্রী ইসলামী পরিবেশে গেলেই নিজেকে বড় ইসলামী ব্যক্তিত্ব হিসেবে উপস্থাপন করেন, যা ‘ভেড়ার গোয়ালে তুলসী গাছের মতো’। তিনি জামায়াতসহ ইসলামী দলগুলোকে নিয়ে বিষোদ্গার করেন। এ ধরনের বক্তব্য পরিহার করে স্বরাষ্ট্রমন্ত্রীকে নিজের দায়িত্ব পালনে মনোযোগী হওয়ার আহ্বান জানান জামায়াতের এই নেতা।




