সোমবার, ২ নভেম্বর, ২০২৬, ঢাকা

এলপিজির দাম বাড়ানো সরকারের দুর্বলতার বহিঃপ্রকাশ: ইসলামী আন্দোলন 

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০২ নভেম্বর ২০২৬, ০৯:০৭ পিএম

শেয়ার করুন:

এলপিজির দাম বাড়ানো সরকারের দুর্বলতার বহিঃপ্রকাশ: ইসলামী আন্দোলন 

তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম বারবার বাড়ানোকে সরকারের দুর্বলতার বহিঃপ্রকাশ বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম-মহাসচিব শাহ ইফতেখার তারিক।

তিনি বলেন, সরকার ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম নতুন করে ২২৩ টাকা বাড়িয়েছে। এতে সিলিন্ডারটির দাম দাঁড়িয়েছে ২ হাজার ৬০ টাকা। শহরের লাখ লাখ মানুষ রান্নার কাজে এলপিজি সিলিন্ডারের ওপর নির্ভরশীল। কিন্তু সাধারণ মানুষের স্বার্থ বিবেচনা না করে বিশ্ববাজারের দোহাই দিয়ে সরকার ধারাবাহিকভাবে দাম বাড়িয়ে চলেছে।

সোমবার (২ নভেম্বর) সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এসব কথা বলেন তিনি।

শাহ ইফতেখার তারিক বলেন, সরকার প্রতি মাসেই এলপিজির দাম বাড়াচ্ছে। অথচ সরকার নির্ধারিত দামেও বাজারে সিলিন্ডার পাওয়া যাচ্ছে না। এতে সামগ্রিকভাবে বাজার নিয়ন্ত্রণে সরকারের দুর্বলতা প্রকাশ পাচ্ছে।

তিনি বলেন, অবিলম্বে এলপিজির বাজার নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নিতে হবে। বিশ্ববাজারের অজুহাতে সাধারণ মানুষের জীবন দুর্বিষহ করা যাবে না। রাষ্ট্রকে বিভিন্ন খাতে ভর্তুকি দিতে হয়। তাই এমন খাতে ভর্তুকি দেওয়া উচিত, যেখানে সাধারণ মানুষ সরাসরি উপকৃত হবে।

বিবৃতিতে তিনি সাধারণ মানুষের দুর্ভোগ বিবেচনায় নিয়ে এলপিজির দাম নিয়ন্ত্রণ এবং বাজারে নির্ধারিত দামে সিলিন্ডারের সরবরাহ নিশ্চিত করার দাবি জানান।

এমআর/এএইচ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর