জনগণের ভোট ও ম্যান্ডেট নিয়ে বিএনপি সব সময় জনগণের পাশে ছিল এবং ভবিষ্যতেও থাকবে বলে মন্তব্য করে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, বিএনপি সব সময় জনগণের সরকার প্রতিষ্ঠা করতে চায় এবং জনগণের ভোটের মাধ্যমে রাষ্ট্র পরিচালনায় বিশ্বাস করে। বিনা ভোটে কিংবা রাতের অন্ধকারে নির্বাচন করে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন বিএনপি দেখে না।
শনিবার (৩১ অক্টোবর) রাজধানীর মিরপুর ১০ নম্বরের আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে ঢাকা উত্তর সিটি করপোরেশনের উদ্যোগে আয়োজিত দিনব্যাপী ডেঙ্গু জ্বর ও প্রাথমিক স্বাস্থ্যসেবা ক্যাম্পে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মীর শাহে আলম বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের দূরদর্শী ও সাহসী নেতৃত্বে বর্তমান সরকার জনগণের কল্যাণ ও সন্তুষ্টিকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছে। সরকারের সাত মাসের কর্মকাণ্ডে স্বচ্ছতা ও জবাবদিহিতার প্রতিফলন ঘটেছে।
এর প্রমাণ হিসেবে মন্ত্রী ও সংসদ সদস্যদের বিরুদ্ধে নেওয়া প্রশাসনিক ব্যবস্থার কথা উল্লেখ করে তিনি বলেন, জনগণের স্বার্থবিরোধী কোনো কর্মকাণ্ড বিন্দুমাত্র বরদাশত করা হবে না।
সম্প্রতি অনুষ্ঠিত উপনির্বাচনের ফলাফল তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, জনগণ অসংগঠিত রাজনৈতিক চক্রান্ত প্রত্যাখ্যান করে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থীকে বিপুল ভোটে বিজয়ী করেছে। অনৈতিক কর্মকাণ্ড আড়াল করতে চাওয়া রাজনৈতিক দলগুলোকে দেশের মানুষ প্রত্যাখ্যান করেছে।
বিএনপিকে একটি দায়িত্বশীল রাজনৈতিক দল উল্লেখ করে মীর শাহে আলম বলেন, সরকারের কোনো ব্যর্থতা কিংবা বিদ্যুৎ খাতে লোডশেডিংয়ের মতো সমস্যা দেখা দিলে প্রধানমন্ত্রী জাতীয় সংসদে দাঁড়িয়ে জাতির কাছে দুঃখ প্রকাশ করেন এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরেন। এটিই বিএনপির সততা ও অন্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে তাদের পার্থক্য।
তিনি আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে বিএনপির নেতাকর্মীরা মানুষের পাশে থেকে সেবা দিয়ে যাচ্ছেন। নিরাপদ খাবার পানি সরবরাহ, গ্যাস, প্রাথমিক চিকিৎসা, রাস্তাঘাটের উন্নয়ন, ফুটপাত দখলমুক্ত করা, বৃক্ষরোপণ এবং পরিচ্ছন্ন ও বাসযোগ্য ঢাকা গড়ে তোলার উদ্যোগ নিয়েছে বিএনপি।

আগামী দিনে ঢাকাবাসী বিএনপির প্রার্থীদের আবারও নির্বাচিত করবে বলে আশাবাদ ব্যক্ত করে প্রতিমন্ত্রী বলেন, ঢাকা উত্তর সিটি করপোরেশনের উদ্যোগে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ক্যাম্প আয়োজন অসহায় ও সাধারণ মানুষের চিকিৎসাসেবা প্রাপ্তি নিশ্চিত করতে প্রশংসনীয় ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত উপস্থিত ছিলেন। ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে সিটি করপোরেশনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, প্রশাসনিক কর্মকর্তা ও রাজনৈতিক নেতারা অংশ নেন।
অনুষ্ঠানে ডিএনসিসির আওতাধীন এলাকার বাসিন্দাদের মধ্যে ডেঙ্গু সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, আক্রান্ত রোগী শনাক্তকরণ এবং চিকিৎসাসেবা দেওয়ার লক্ষ্যে অস্থায়ী স্বাস্থ্যসেবা ক্যাম্প উদ্বোধন করা হয়।
দিনব্যাপী এ ক্যাম্পে নগরবাসীকে স্ত্রীরোগ, শিশুস্বাস্থ্য, চর্মরোগ, সম্প্রসারিত টিকাদান কর্মসূচি, পরিবার পরিকল্পনা, অসংক্রামক ব্যাধি, পুষ্টি ও সাধারণ চিকিৎসাসেবা দেওয়া হয়। পাশাপাশি বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়।
এএইচ/এফএ




