জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ারকে জড়িয়ে অসত্য তথ্য ছড়ানো ব্যক্তিদের মানসিক ও রাজনৈতিক সুস্থতা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এবং প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।
একটি দেশের গোয়েন্দা সংস্থার সঙ্গে মিয়া গোলাম পরওয়ারের বৈঠক নিয়ে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত খবরের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তিনি এ মন্তব্য করেন।
মঙ্গলবার (২৭ অক্টোবর) দেওয়া এক বিবৃতিতে এহসানুল মাহবুব জুবায়ের বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী নিয়মতান্ত্রিক পন্থায় রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করে এবং রাষ্ট্রীয় মর্যাদা সমুন্নত রেখে বিদেশি রাষ্ট্রের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক বজায় রাখে। কিন্তু সম্প্রতি ষড়যন্ত্রমূলকভাবে জামায়াতের সুনাম ক্ষুণ্ন করার উদ্দেশে দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার একটি দেশের গোয়েন্দা সংস্থার সঙ্গে বৈঠক করেছেন বলে বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে।
তিনি এসব খবরের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, যিনি বা যারা সেক্রেটারি জেনারেলকে জড়িয়ে অসত্য তথ্য দিয়ে সংবাদ ছড়িয়েছেন এবং তা প্রমাণের জন্য চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন, তাদের উচিত অভিযোগের সত্যতা জাতির সামনে প্রকাশ করা।
জুবায়ের বলেন, অসত্য তথ্য দিয়ে জামায়াতের সেক্রেটারি জেনারেলকে জাতির কাছে বিতর্কিত করার হীন ও নোংরা প্রয়াস সফল হবে না। যারা এমন অসত্য তথ্য ছড়াচ্ছেন, তাদের মানসিক ও রাজনৈতিক সুস্থতা নিয়ে তার সন্দেহ রয়েছে।
বিবৃতিতে তিনি জাতীয় গুরুত্বপূর্ণ ইস্যুতে সংশ্লিষ্ট অভিযোগের সত্যতা ও তথ্যের সঠিকতা যাচাই করে প্রমাণের ভিত্তিতে দায়িত্বশীল সংবাদ পরিবেশনের জন্য গণমাধ্যমগুলোর প্রতি আহ্বান জানান।
একই সঙ্গে মিথ্যা প্রচারণা ও অপপ্রচারের বিষয়ে নাগরিকদের সতর্ক থাকার এবং বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানান জামায়াতের এই নেতা।
টিএই/এএইচ




