সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ঢাকা

‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্য সংবিধান ও আইনের শাসনবিরোধী: জামায়াত

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২৬ অক্টোবর ২০২৬, ০৯:৫২ পিএম

শেয়ার করুন:

‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্য সংবিধান ও আইনের শাসনবিরোধী: জামায়াত
আইজিপি আলী হোসেন ফকির ও বাংলাদেশ জামায়াতে ইসলামী। ছবি: সংগৃহীত

বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকিরের ‘ক্রসফায়ার’ নিয়ে দেওয়া বক্তব্যকে রাষ্ট্রকে নতুন সংকটের দিকে নেওয়ার ষড়যন্ত্রের অংশ বলে মন্তব্য করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেছেন, আইজিপির এমন বক্তব্য সংবিধান ও আইনের শাসনের পরিপন্থী।

সোমবার (২৬ অক্টোবর) এক বিবৃতিতে আইজিপির বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তিনি এসব কথা বলেন। বিবৃতিতে এহসানুল মাহবুব জুবায়ের বলেন, দেশের আইনশৃঙ্খলা রক্ষা ও নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা পুলিশের প্রধান দায়িত্ব। পুলিশ নাগরিকদের সেবক, শাসক নয়। ঢাকার চকবাজারে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসির ইসলামিক ব্যাংকিং সেবা ‘কমিউনিটি ইসলামিক’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আইজিপি বলেছেন, ‘যেখানে ক্রসফায়ার প্রয়োজন হয়, সরকার যদি এলাউ করে তাহলে আমরা সেটাই করব।’ আইনশৃঙ্খলা বাহিনীর প্রধান হিসেবে এ ধরনের বক্তব্য দিয়ে তিনি চাকরিবিধি লঙ্ঘন করেছেন বলে দাবি করেন জামায়াতের এই নেতা।

তিনি বলেন, ফ্যাসিস্ট আমলে দেশের নাগরিকদের জীবন ও সম্পদের নিরাপত্তা এবং বাকস্বাধীনতা ছিল না। বিনা বিচারে মানুষ হত্যা, আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে তুলে নিয়ে হত্যা, ক্রসফায়ার ও গুমের ঘটনা ঘটত। আইজিপি আলী হোসেন ফকিরের বক্তব্যে একই কর্মকাণ্ডের পুনরাবৃত্তির হুমকি ও ইঙ্গিত রয়েছে বলে মন্তব্য করেন তিনি। এ বিষয়ে সরকার পদক্ষেপ নেবে বলেও আশা প্রকাশ করেন জামায়াতের এই নেতা।

বিবৃতিতে এহসানুল মাহবুব জুবায়ের আরও বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতির মধ্যে আইজিপির এমন বক্তব্য অগ্রহণযোগ্য ও অনভিপ্রেত। এ বক্তব্য দেশে ভয়ের সংস্কৃতি ফিরিয়ে আনার ইঙ্গিত দেয়। রাষ্ট্রকে নতুন সংকটের দিকে নিয়ে যাওয়ার ষড়যন্ত্রের বিষয়টি সরকারের ও সরকারদলীয় বিভিন্ন স্তরের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের বক্তব্যেও স্পষ্ট হচ্ছে বলে দাবি করেন তিনি।

দেশে বিএনপির সন্ত্রাসীদের দমন, চাঁদাবাজি বন্ধ ও মাদক নির্মূলে ব্যর্থতাকে আইনশৃঙ্খলা বাহিনীর ব্যর্থতা হিসেবে উল্লেখ করেন জামায়াতের এই নেতা। নাগরিকদের জীবনযাত্রা স্বস্তিদায়ক ও নিরাপদ করতে আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তা ও সদস্যদের কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।

টিএই/এআর

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর