সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ঢাকা

ক্রসফায়ার নিয়ে বক্তব্য: আইজিপিকে ক্ষমা চাওয়ার আল্টিমেটাম জেডিপির

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৬ অক্টোবর ২০২৬, ০৭:২২ পিএম

শেয়ার করুন:

ক্রসফায়ার নিয়ে বক্তব্য: আইজিপিকে ক্ষমা চাওয়ার আল্টিমেটাম জেডিপির

সরকার অনুমতি দিলে প্রয়োজনে পুলিশ ক্রসফায়ার করতেও পিছপা হবে না— পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের এমন বক্তব্যের প্রতিবাদ জানিয়েছে জাস্টিস অ্যান্ড ডেমোক্রেসি পার্টি (জেডিপি)। 

আগামী ২৪ ঘণ্টার মধ্যে এ বক্তব্য প্রত্যাহার করে জনগণের কাছে ক্ষমা চাওয়ার জন্য আইজিপিকে আল্টিমেটাম দিয়েছে দলটি।

সোমবার (২৬ অক্টোবর) বিকেলে জাতীয় জাদুঘরের সামনে বিচার-বহির্ভূত হত্যাকাণ্ডের হুমকির প্রতিবাদে আয়োজিত এক প্রতিবাদ সভায় জেডিপির আহ্বায়ক নাঈম আহমাদ এসব কথা বলেন।

তিনি বলেন, ‘স্বরাষ্ট্রমন্ত্রীর ইঙ্গিত ছাড়া কোনো পুলিশ কর্মকর্তার পক্ষে এমন মানবাধিকারবিরোধী ও গর্হিত মন্তব্য করা সম্ভব নয়। পুলিশকে ফের মানবাধিকার লঙ্ঘনের আস্কারা দিচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী। আমরা আইজিপির এই বক্তব্যের তীব্র প্রতিবাদ জানাই। আগামী ২৪ ঘণ্টার মধ্যে তাঁকে বক্তব্য প্রত্যাহার করে জনগণের কাছে ক্ষমা চাইতে হবে।’

তিনি আরও বলেন, ‘মাসখানেক আগে ‘অপারেশন ক্লিনহার্ট’-এর আদলে বিচার-বহির্ভূত অভিযান পরিচালনার গুঞ্জন উঠেছিল। সাম্প্রতিক বক্তব্যে আশঙ্কা তৈরি হয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিকে কাজে লাগিয়ে ক্রসফায়ারের পক্ষে জনমত তৈরির কোনো প্রেক্ষাপট প্রস্তুত করা হচ্ছে কি না। আইজিপির বক্তব্যে সরকারের অনুমোদনের প্রসঙ্গ তোলায় প্রশ্ন উঠেছে, পুলিশ কি এ ধরনের পদক্ষেপের জন্য সরকারের অনুমতি চাইছে?’

জেডিপির আহ্বায়ক বলেন, অপরাধ দমন ও জননিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। কিন্তু সেই দায়িত্ব পালনের নামে বিচারিক প্রক্রিয়ার বাইরে কাউকে হত্যা করার হুমকি দেওয়া কিংবা এমন কর্মকাণ্ডের সম্ভাবনা তৈরি করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। অপরাধের অভিযোগ থাকলে নিরপেক্ষ তদন্ত, যথাযথ আইনি প্রক্রিয়া ও আদালতের মাধ্যমে বিচার নিশ্চিত করতে হবে। সরকারের অনুমোদন বিচারবহির্ভূত হত্যাকাণ্ডকে বৈধতা দিতে পারে না।

স্বরাষ্ট্রমন্ত্রীর সমালোচনা করে নাঈম আহমাদ বলেন, ‘জুলাইয়ের আকাঙ্ক্ষা, জুলাই সনদের অঙ্গীকার ও গণভোটের গণরায়ের আলোকে স্বাধীন পুলিশ কমিশন গঠিত হলে আইজিপি এমন মন্তব্য করার সাহস পেতেন না। সরকার সংস্কারপ্রক্রিয়াকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে দমন-পীড়নের পথ প্রশস্ত করছে। অথচ নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে সরকারের এমন তৎপরতা দেখা যাচ্ছে না।’

গণভোট বাস্তবায়ন নাগরিক ফোরামের আহ্বায়ক ফাহিম মাশরুর বলেন, ‘পুলিশ আমাদের ট্যাক্সের টাকায় চলে। অথচ সেই পুলিশই আমাদের ক্রসফায়ার দেওয়ার অনুমতি চাইছে। এটি সুস্পষ্টভাবে আইন ও সংবিধানের লঙ্ঘন।’

তিনি আরও বলেন, ‘বিএনপি গতবার ক্ষমতায় আসার পর র‍্যাব সৃষ্টি করে ক্রসফায়ারের সংস্কৃতি চালু করেছিল। এবারও একই ভুলের পুনরাবৃত্তির আশঙ্কা করছি। আইজিপির এমন গর্হিত বক্তব্যের জন্য তাকে বহিষ্কার করতে সরকারের প্রতি আহ্বান জানাই।’

এমআর/এএইচ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর