শ্রেণিভেদকে নির্মূল করে মানবজাতির কল্যাণের জন্য কথা বলে গেছেন গৌতম বুদ্ধ বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, তার (বুদ্ধ) কাজ ও আদর্শ অনুসরণ করলে তা গোটা মানবজাতির কল্যাণে আসবে।
রোববার (২৫ অক্টোবর) রাজধানীর সবুজবাগের বাসাবো বৌদ্ধ মহাবিহারে ‘শুভ প্রবারণা পূর্ণিমা’ ও ফানুস উৎসব উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন রুহুল কবির রিজভী।
গৌতম বুদ্ধের সরল পথ ও মানবিক কাজের কথা উল্লেখ করে তিনি বলেন, এসব অনুসরণ করলে জীবন সুন্দর ও শান্তিময় হয়ে উঠবে। গৌতম বুদ্ধের বাণী শুধু বৌদ্ধ ধর্মাবলম্বীদের একার নয়, এটি সর্বজনীন এবং সব ধর্মের মানুষকেই সঠিক পথে চলার প্রেরণা দেয়। বুদ্ধ সমাজ ও মানবতার জন্য যে কাজগুলো করে গেছেন, তা সমগ্র মানবজাতির জন্যই অনুকরণীয় বলেও মন্তব্য করেন তিনি।
প্রবারণা পূর্ণিমাকে ‘চিত্ত পরিশুদ্ধের অনুষ্ঠান’ হিসেবে আখ্যায়িত করে রুহুল কবির রিজভী বলেন, বৌদ্ধ ধর্মাবলম্বীদের মতো সব মানুষ যদি তাদের বছরের নানা ঘটনার (ভুলত্রুটি) স্বীকারোক্তি সহকর্মীদের কাছে দেয়, তাহলে তাদের মধ্যে নতুন করে কোনো অন্যায় করার ইচ্ছা থাকবে না।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সড়ক ও পরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিজন কান্তি সরকার, বিএনপির নির্বাহী কমিটির সদস্য সুশীল বড়ুয়া এবং বৌদ্ধ ভিক্ষুবৃন্দ।




