মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬, ঢাকা

সুস্থ হয়ে বাড়ি ফিরছেন খুলনার সেই সাইফুল, খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২০ অক্টোবর ২০২৬, ০৮:৫১ পিএম

শেয়ার করুন:

সুস্থ হয়ে বাড়ি ফিরছেন খুলনার সেই সাইফুল, খোঁজ নিলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে সাইফুলের খোঁজ নেওয়া হয়। ছবি: সংগৃহীত

খুলনা মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক খান সাইফুল এখন সুস্থ হয়ে বাড়ি ফেরার প্রস্তুতি নিচ্ছেন। দীর্ঘদিনের অসুস্থতার পর চিকিৎসা শেষে মঙ্গলবার (২০ অক্টোবর) রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স হাসপাতাল থেকে তাঁকে চিকিৎসা-পরবর্তী প্রয়োজনীয় ওষুধ ও আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

খান সাইফুলের চিকিৎসার দায়িত্ব নিয়েছিলেন বিএনপির চেয়ারম্যান ও আমরা বিএনপি পরিবারের প্রধান পৃষ্ঠপোষক প্রধানমন্ত্রী তারেক রহমান।

সম্প্রতি খুলনায় চিকিৎসাধীন অবস্থায় সাইফুলের একটি বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে তারেক রহমানের নজরে এলে তিনি তাঁর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনকে সাইফুলের চিকিৎসার ব্যবস্থা গ্রহণসহ সার্বিক খোঁজখবর নেওয়ার নির্দেশ দেন।

পরবর্তী সময়ে গত ১১ অক্টোবর তাঁকে রাজধানীর আগারগাঁওয়ের ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. মো. নুরুজ্জামানের অধীনে চিকিৎসা চলাকালে বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে তাঁর চিকিৎসার ব্যবস্থা করা হয়।

প্রায় ১০ দিনের চিকিৎসা শেষে বাড়ি ফেরার আগে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে খান সাইফুলের সঙ্গে সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের চিকিৎসক ও বিশিষ্ট অর্থোপেডিক সার্জন অধ্যাপক ডা. শাহ মুহাম্মদ আমান উল্লাহ আমান এবং আমরা বিএনপি পরিবারের সদস্যসচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন (মিথুন)।

এ সময় তাঁরা সাইফুলের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং চিকিৎসা-পরবর্তী প্রয়োজনীয় ওষুধ ও আর্থিক সহায়তা প্রদান করেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন অ্যানেসথেশিয়া বিভাগের প্রধান অধ্যাপক ডা. এ জেড এম সাইফউদ্দিন, আমরা বিএনপি পরিবারের জ্যেষ্ঠ সদস্য মাসুদ রানা লিটন, ড্যাবের আইনবিষয়ক সম্পাদক ডা. এম. আর. হাসান এবং ছাত্রনেতা আব্দুল্লাহ আল মিসবাহসহ অন্যরা।

২০১৩ সালে তৎকালীন সরকারের পুলিশের নির্যাতনের শিকার হয়ে খান সাইফুল দীর্ঘদিন ধরে অসুস্থতায় ভুগছিলেন। এর আগে বিভিন্ন সময়ে তারেক রহমানের নির্দেশনায় রাজধানীর বিভিন্ন হাসপাতালে তাঁর চিকিৎসার ব্যবস্থা করা হয়েছিল।

বিইউ/এআর

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর