ত্রয়োদশ জাতীয় সংসদের শূন্য ঘোষিত সংরক্ষিত নারী আসনে উপনির্বাচনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার আগামীকাল সোমবার (১৯ অক্টোবর) অনুষ্ঠিত হবে।
এদিন সন্ধ্যা সাতটায় রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে সাক্ষাৎকার নেওয়া হবে। দলীয় মনোনয়ন পেতে যেসব নারী প্রার্থী মনোনয়নপত্র কিনেছেন ও জমা দিয়েছেন, তাঁদের নির্ধারিত সময়ে উপস্থিত থাকতে অনুরোধ জানিয়েছে দলটি।
রোববার (১৮ অক্টোবর) দিবাপূর্ব রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই অনুরোধ জানানো হয়।
বিএনপির সহ-দফতর সম্পাদক মুহম্মদ মুনির হোসেনের সই করা বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘নির্বাচন কমিশন ঘোষিত সিডিউল অনুযায়ী আগামী ১২ নভেম্বর ২০২৬ বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদের শুণ্য ঘোষিত ৩২৩ মহিলা-২৩ আসনের সংরক্ষিত মহিলা আসনে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে।
‘উক্ত নির্বাচনে দলীয় মনোনয়ন প্রত্যাশী মহিলা প্রার্থী যারা মনোয়নপত্র ক্রয় ও জমা দিয়েছেন তাদের সাক্ষাৎকার আগামী ১৯ অক্টোবর (সোমবার) মাননীয় বিএনপি চেয়ারম্যানের গুলশানস্থ কার্যালয়ে সন্ধ্যা ৭ টায় অনুষ্ঠিত হবে। সংশ্লিষ্ট সকলকে যথাসময়ে নির্ধারিত স্থান ও সময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হলো।’
বিএনপির দফতর সূত্রে জানা গেছে, বিএনপি নেত্রী ফেরদৌসী আহমেদ মিষ্টির পদত্যাগে শূন্য হওয়া সংসদের সংরক্ষিত নারী আসনে মনোনয়ন পেতে ফরম কিনেছিলেন ৭০ জন। তাদের মধ্যে সাবেক সংসদ সদস্য, মহিলা দল ও বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেত্রীরা যেমন ছিলেন, তেমনি সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচিত নারীরাও মনোনয়ন ফরম কিনেছেন। তবে নির্ধারিত সময়ে মনোনয়ন জমা দিয়েছেন ৬৮ জন।
গত ২৪ সেপ্টেম্বর মিরপুরের রাড্ডা মাতৃ ও শিশুস্বাস্থ্যসেবা কেন্দ্রে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় সংশ্লিষ্টতার অভিযোগ ওঠার পর ১ অক্টোবর সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করেন মিষ্টি। তাঁর পদত্যাগের দিনই সংরক্ষিত নারী আসন-২৩ শূন্য ঘোষণা করা হয়।
নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র জমার শেষ দিন ২৬ অক্টোবর, বাছাই ২৭ অক্টোবর এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১ নভেম্বর। আর উপনির্বাচন হবে ১২ নভেম্বর।
সংসদে বিএনপির জন্য বরাদ্দ আসন হওয়ায় দলটিই এখানে প্রার্থী মনোনয়ন দেবে। একক প্রার্থী থাকলে তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হবেন। ফলে ৬৮ জনের মধ্যে বিএনপির মনোনয়ন কে পাচ্ছেন, সেটিই এখন এই আসনের পরবর্তী সংসদ সদস্য নির্ধারণের মূল বিষয়।
এএম




