যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পদে নিয়োগ পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ এবং পরীক্ষা স্থগিতের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এ ঘটনার নিরপেক্ষ তদন্ত, জড়িতদের আইনের আওতায় আনা এবং দ্রুত পরীক্ষার নতুন তারিখ ঘোষণার দাবি জানিয়েছে দলটি।
শনিবার (১০ অক্টোবর) এক বিবৃতিতে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এ দাবি জানান।
বিবৃতিতে তিনি বলেন, প্রশ্নপত্র ফাঁসের অভিযোগের সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত করে এর সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত আইনের আওতায় আনতে হবে। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত চাকরিপ্রার্থীদের ভোগান্তির বিষয়টি বিবেচনায় নিয়ে দ্রুততম সময়ের মধ্যে পরীক্ষার নতুন তারিখ ঘোষণা করতে হবে।
ভবিষ্যতে নিয়োগ পরীক্ষার স্বচ্ছতা, নিরপেক্ষতা ও নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা জরুরি বলে মনে করেন এহসানুল মাহবুব জুবায়ের।
বিবৃতিতে তিনি আরও বলেন, মেধা ও যোগ্যতার ভিত্তিতে নিয়োগ নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। চাকরিপ্রার্থীদের যৌক্তিক দাবিগুলো মেনে নিয়ে তাদের ন্যায্য অধিকার রক্ষা এবং নিয়োগব্যবস্থার প্রতি জনআস্থা ফিরিয়ে আনতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবিলম্বে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে।
টিএই/এসআই




