রাজধানীর শেরেবাংলা নগর থানা বিএনপির ২৮ নম্বর ওয়ার্ডের সভাপতি মিজানুর রহমান স্বপনকে চাঁদাবাজির অভিযোগে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-২)।
সোমবার (৫ অক্টোবর) তাকে গ্রেফতারের পর শেরেবাংলা নগর থানায় হস্তান্তর করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শেরেবাংলা নগর ও মোহাম্মদপুর এলাকায় স্বপনের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ রয়েছে। শেরে বাংলা নগর এলাকার ছয়তলা গার্মেন্টস থেকে চাঁদাবাজি, নিউরোসায়েন্স হাসপাতালের অ্যাম্বুলেন্স সিন্ডিকেট পরিচালনা, আগারগাঁও নতুন রাস্তা এলাকার ফুটপাত থেকে চাঁদাবাজি এবং শেরেবাংলা নগর থানার পাশের সমবায় বস্তিতে মাদক ব্যবসায়ীদের কাছ থেকে মাসিক চাঁদা নেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের উপকমিশনার ইবনে মিজান বলেন, ওয়ার্ড বিএনপির সভাপতি মিজানুর রহমান স্বপনকে চাঁদাবাজির অভিযোগে এসআরবি গ্রেফতার করে শেরেবাংলা নগর থানায় হস্তান্তর করেছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা শেষে আদালতে পাঠানো হবে।
একেএস/এএইচ




