ঢাকার বিমানবন্দরে ‘হাঙ্গামা’ করার ঘটনায় হওয়া মামলায় গ্রেফতারকৃত অবসরপ্রাপ্ত মেজর আখতারুজ্জামান জামায়াতের ইসলামীর কোনো নেতা নন বরং একজন প্রাথমিক সদস্য বলে জানিয়েছেন দলটির নায়েবে আমির ও রংপুর-২ আসনের এমপি এটিএম আজহারুল ইসলাম।
শনিবার (৩ অক্টোবর) দুপুরে রংপুর নগরীর শাপলা চত্বরে জামায়াতের দলীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান। সংবাদ সম্মেলনে রংপুর বিভাগের জামায়াতের ১৪ জন সংসদ সদস্যসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে এটিএম আজহার বলেন, ‘জনগণকে বিভ্রান্ত করার উদ্দেশ্যেই মেজর (অব.) আখতারুজ্জামানকে জামায়াতে ইসলামীর নেতা হিসেবে পরিচয় করিয়ে দেওয়া হচ্ছে। কিন্তু তিনি জামায়াতের কোনো নেতা নন, সহযোগী সদস্য বা প্রাথমিক সদস্য হয়েছেন।’
জামায়াতে সদস্য হওয়ার প্রক্রিয়া তুলে ধরে তিনি বলেন, ‘প্রাথমিক সদস্য হওয়ার পর কর্মী, এরপর সদস্য এবং পরে নেতা হওয়ার সুযোগ রয়েছে। সেই হিসেবে আখতারুজ্জামান বর্তমানে সাধারণ সদস্য মাত্র।’
এটিএম আজহারের অভিযোগ, ‘জামায়াতের কোনো নেতা বক্তব্য দিলে তা গণমাধ্যমে প্রকাশ করা হয় না। কিন্তু এমন কোনো বক্তব্য বা তথ্য সামনে এলে, যার মাধ্যমে জনগণকে বিভ্রান্ত করা সম্ভব, তখন তাকে জামায়াতের নেতা হিসেবে তুলে ধরা হয়।’
এসময় আখতারুজ্জামানের গ্রেফতার নিয়েও প্রশ্ন তোলেন এটিএম আজহার।
তিনি বলেন, ‘বিমানবন্দরে প্রতিবাদ করার কারণেই তাকে গ্রেফতার করা হয়েছে। কেন প্রতিবাদ করা হয়েছিল বা তার কী অপরাধ ছিল, তা তদন্তের আগেই মামলা দিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে।
আখতারুজ্জামানের গ্রেফতারের নিন্দা জানিয়ে আজহার আরও অভিযোগ করেন, ‘সমস্যা সমাধানের পরিবর্তে সরকার আওয়ামী লীগের পথেই হাঁটছে। আইনের আশ্রয় নেওয়ার নামে আইনকে ব্যবহার করে বিরোধী দলকে দমনের চেষ্টা করা হচ্ছে।’
সরকারি দলের তিনি বলেন, ‘জেল-জুলুম দিয়ে বিরোধী দলকে দমন করা যাবে বলে তারা মনে করলে ভুল করবে।
এর আগে শুক্রবার (২ অক্টোবর) রাজধানীর ক্যান্টনমেন্ট এলাকার বাসা থেকে মেজর (অব.) আখতারুজ্জামানকে গ্রেফতার করে ডিবি পুলিশ।
তার আগের দিন হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রলি সংকটকে কেন্দ্র করে বিশৃঙ্খলা সৃষ্টি, সরকারি কাজে বাধা এবং দায়িত্ব পালনরত এক নিরাপত্তা কর্মকর্তার সঙ্গে দুর্ব্যবহারের ঘটনায় সাবেক এই সেনা কর্মকর্তার বিরুদ্ধে বিমানবন্দর থানায় মামলা হয়।
শনিবার (৩ অক্টোবর) সেই মামলায় আখতারুজ্জামানকে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানি শেষে আদালত একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন।
প্রসঙ্গত, বিমানবন্দরের ঘটনা এবং গ্রেফতার উভয় ক্ষেত্রেই আখতারুজ্জামানকে জামায়াতের নেতা হিসেবে আখ্যায়িত করে খবর প্রকাশ করছে বিভিন্ন গণমাধ্যম। অবশেষে এটিএম আজহার জানিয়ে দিলেন, আখতারুজ্জামান তাদের দলের নেতা নন, সদস্য।
এএইচ



