বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬, ঢাকা

হাসিনা হতে চাইলে তার মতোই পরিণতি হবে: সরকারকে ডাকসু ভিপি

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০১ অক্টোবর ২০২৬, ১২:৪১ এএম

শেয়ার করুন:

হাসিনা হতে চাইলে তার মতোই পরিণতি হবে: সরকারকে ডাকসু ভিপি
ডাকসু ভিপি সাদিক কায়েম

নির্লজ্জ দলীয়করণ করতে গিয়ে বিএনপি সরকার হাসিনার থেকেও বড় হাসিনা হতে চাচ্ছে বলে মন্তব্য করেছেন ডাকসু ভিপি সাদিক কায়েম। সরকারের প্রতি তার সতর্কতা, ‘আপনারা হাসিনা হতে চাইলে হাসিনার মতোই পরিণতি ভোগ করতে হবে আপনাদেরকে।’

বুধবার (৩০ সেপ্টেম্বর) রাতে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন সাদিক কায়েম। 

৪৯তম বিসিএসের চূড়ান্ত গেজেট প্রকাশের প্রসঙ্গ তুলে তিনি দাবি করেন, বিভিন্ন বিষয়ে মেধাতালিকায় প্রথম স্থান অধিকারীসহ পরীক্ষায় উত্তীর্ণ অনেককে গেজেট থেকে বাদ দেওয়া হয়েছে। জুলাই আন্দোলনে সক্রিয় অংশগ্রহণকারীদের অনেকে সুপারিশবঞ্চিত হয়েছেন বলেও দাবি করেন তিনি।

৪৯তম বিসিএসের চূড়ান্ত গেজেটে ৬১১ জনকে নিয়োগ দেওয়া হয়েছে। এর আগে চূড়ান্ত ফলে সাময়িকভাবে মনোনীত ছিলেন ৬৬৮ জন। অর্থাৎ ৫৭ জনের নাম গেজেটে স্থান পায়নি। তবে গেজেটে তাঁদের বাদ পড়ার কারণ উল্লেখ করা হয়নি।

সাদিক কায়েম বলেন, এর আগে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগের ক্ষেত্রেও একইভাবে অনেককে বাদ দেওয়া হয়েছিল। পরে সমালোচনার মুখে তাদের অনেকে নিয়োগপত্র পেয়েছেন বলেও উল্লেখ করেন তিনি।

ভেরিফিকেশনের নামে রাজনৈতিক দলীয়করণের অভিযোগ তুলে তিনি বলেন, ‘ভেরিফিকেশনের নামে রাজনৈতিক দলীয়করণের অন্যতম একটা মাস্টারপ্ল্যান আমরা হাসিনার আমলে দেখেছি। এখন জুলাইয়ের শহীদদের রক্তের বিনিময়ে ক্ষমতায় বসে তারেক রহমান তার ধারাবাহিকতা রক্ষা করে চলছেন।’

সরকারি চাকরিকে দলীয় লোকদের জন্য সীমিত করে শিক্ষিত প্রজন্মকে দলদাসে পরিণত করার আয়োজন চলছে বলেও অভিযোগ করেন ডাকসু ভিপি। তাঁর দাবি, এখন মন্ত্রী-এমপিরাও প্রকাশ্যে ভাইভায় সুপারিশের কথা বলছেন।

জুলাই আন্দোলনের মূল সূত্রপাত চাকরিতে কোটা বৈষম্যসহ সব ধরনের বৈষম্য দূর করা এবং দলীয় পরিচয়ে কাউকে সুবিধা না দেওয়ার দাবিতে—উল্লেখ করে সাদিক কায়েম সংবিধানের ২৯ অনুচ্ছেদের কথাও তুলে ধরেন। তিনি বলেন, ‘প্রজাতন্ত্রে চাকরির ক্ষেত্রে সকলে সমান সুযোগ লাভ করবে।’

দেশে ২৭ লাখ বেকারের কথা উল্লেখ করে তিনি বলেন, একদিকে বড় কোনো নিয়োগ নেই, অন্যদিকে দলীয় নিয়োগকে শক্ত করার আয়োজন চলছে। ভাইভায় ৪০০ শতাংশ পর্যন্ত নম্বর বৃদ্ধির সুপারিশ এবং ভেরিফিকেশনের নামে মেধাবী শিক্ষার্থীদের অধিকার থেকে বঞ্চিত করার অভিযোগও করেন তিনি।

সরকারের উদ্দেশে সাদিক কায়েম বলেন, ‘আপনারা জনবিচ্ছিন্ন হয়ে পড়েছেন বলে মানুষের অসন্তোষ, রাগ আর ঘৃণা টের পাচ্ছেন না। আপনাদেরকে বলব, ইতিহাস ভুলে যাবেন না।’

তরুণ প্রজন্মকে রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য ব্যবহার করা হলে সরকারের পরিণতি আওয়ামী লীগ সরকারের মতো হতে পারে—এমন সতর্কবার্তা দিয়েছেন তিনি। 

সাদিক কায়েম বলেন, ‘তরুণ প্রজন্মকে নিয়ে রাজনৈতিক স্বার্থ হাসিল করার উদ্দেশ্যে আপনারা হাসিনা হতে চাইলে হাসিনার মতোই পরিণতি ভোগ করতে হবে আপনাদেরকে।’

টিএই/এএইচ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর