সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির প্রতিবাদে কর্মসূচির সিদ্ধান্ত এনসিপির

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫০ পিএম

শেয়ার করুন:

আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির প্রতিবাদে কর্মসূচির সিদ্ধান্ত এনসিপির
সংগৃহীত ছবি

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, নৈরাজ্য ও দখলবাজির অভিযোগে দেশব্যাপী প্রতিবাদ কর্মসূচি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। একই সঙ্গে স্থানীয় সরকার নির্বাচন নিয়ে দলের কৌশল এবং সাংগঠনিক পুনর্গঠন নিয়েও আলোচনা করেছে দলটির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম রাজনৈতিক পর্ষদ।

সোমবার (২৮ সেপ্টেম্বর) রাজনৈতিক পর্ষদের সভায় এসব বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত হয়েছে বলে দলটির পক্ষ থেকে জানানো হয়েছে।

সভায় গণভোটের গণরায় অগ্রাহ্য করে সরকার প্রহসনমূলক সংবিধান সংশোধন কমিটি গঠন করেছে বলে অভিযোগ করা হয়। এনসিপির দাবি, এ ধরনের একদলীয় কমিটির কোনো গণবৈধতা নেই এবং এর মাধ্যমে সরকার জাতির সঙ্গে প্রতারণা করেছে। একই সঙ্গে বিরোধী দলের সঙ্গে সরকারের সম্পর্কে ফাটল ধরানোর দায়ও সরকারকে নিতে হবে।

সভায় স্থানীয় সরকার নির্বাচন নিয়ে দলের কৌশল নিয়েও আলোচনা হয়। পাশাপাশি দেশের সব জেলায় জেলা কমিটি গঠন সম্পন্ন হয়েছে জানিয়ে অক্টোবরের মধ্যে সব উপজেলা কমিটি গঠনের পরিকল্পনা নেওয়া হয়েছে।

এ ছাড়া রাজনৈতিক পর্ষদসহ কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন ও দায়িত্ব বণ্টনের রূপরেখা চূড়ান্ত হয়েছে। শিগগিরই এ বিষয়ে ঘোষণা আসবে বলে সভায় জানানো হয়।

দলীয় সাংগঠনিক কার্যক্রম পরিচালনায় ২৩ সদস্যের একটি সাংগঠনিক উপ-কমিটি গঠনের সিদ্ধান্ত হয়েছে। এতে সারজিস আলম প্রধানের দায়িত্ব পালন করবেন। রাজনৈতিক পর্ষদ থেকে দুজন উপপ্রধান থাকবেন। প্রতিটি বিভাগে একজন করে বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও সহ-সাংগঠনিক সম্পাদক রাখার পরিকল্পনা করা হয়েছে।

সভায় নাহিদ ইসলাম, আখতার হোসেন, সারজিস আলম, হাসনাত আব্দুল্লাহ, নাসীরউদ্দীন পাটোয়ারী, আসিফ মাহমুদ, আব্দুল্লাহ আলামিন, আতিক মুজাহিদ, সারোয়ার তুষার, আরিফ আদীব, মাহমুদা মিতু, নুসরাত তাবাসসুম, সালেহউদ্দিন সিফাত ও আকরাম হোসাইন সিএফ প্রমুখ উপস্থিত ছিলেন।

টিএই/এফএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর