রাজধানীর গুলিস্তানে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) প্রধান কার্যালয়ে অভিযান চালিয়ে আটক ২৭৮ জনের মধ্যে ২৪৯ জনকে ছেড়ে দিয়েছে পুলিশ। বাকি ২৯ জন এখনো পুলিশের হেফাজতে রয়েছেন। তাদের পরিচয় যাচাই-বাছাই চলছে।
রোববার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় ঢাকা মেইলকে বিষয়টি নিশ্চিত করেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মতিঝিল বিভাগের সহকারী কমিশনার সাকিবুল আলম ভূঁইয়া।
তিনি বলেন, গতকাল ২৭৮ জনকে জানমালের নিরাপত্তার স্বার্থে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছিল। তাদের মধ্যে ২৪৯ জনকে ছেড়ে দেওয়া হয়েছে। বাকি ২৯ জনের পরিচয় যাচাই-বাছাই চলছে। পরিচয় শনাক্ত হওয়ার পর তাদের বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা হয়নি বলেও জানান তিনি।
থানা পুলিশের একটি সূত্র জানায়, জাসদ কার্যালয় থেকে আটক ব্যক্তিদের ছাড়াতে শনিবার সন্ধ্যার পর থেকে তদবির শুরু হয়। রাতে দলটির নেতারা প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে আসেন। সেখানে নেতা-কর্মীদের তালিকাও ছিল। ওই তালিকা যাচাই করে ২৪৯ জনকে ছেড়ে দেওয়া হয়। তাদের মধ্যে বয়োবৃদ্ধ ব্যক্তিরাও ছিলেন।
আটকদের মধ্যে সাংবাদিক নেতা আবু জাফর সূর্যকেও ছেড়ে দেওয়া হয়েছে। তিনি একসময় জাসদের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন বলে বিভিন্ন প্রতিবেদনে এসেছে।
শনিবার বিকেলে গুলিস্তানের জাসদ কার্যালয়ে নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীরা জড়ো হয়ে নাশকতা বা অন্য কোনো অসৎ উদ্দেশ্যে কর্মকাণ্ডের প্রস্তুতি নিচ্ছেন—এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালানোর কথা জানিয়েছিল পুলিশ। অভিযানের পর বিপুলসংখ্যক ব্যক্তিকে হেফাজতে নেওয়া হয়।
পুলিশের পক্ষ থেকে বলা হয়েছিল, জাসদ ও আওয়ামী লীগ এবং এর অঙ্গসংগঠনের সদস্যরা সেখানে একত্রিত হয়েছেন—এমন তথ্য পাওয়া গিয়েছিল। কারা সেখানে কেন জড়ো হয়েছিলেন, তা যাচাই করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার কথাও জানিয়েছিল পুলিশ।
তবে জাসদের পক্ষ থেকে বলা হয়েছে, সেখানে দলের কেন্দ্রীয় প্রতিনিধি সভা চলছিল। পুলিশকে বিষয়টি জানিয়ে সভার আয়োজন করা হয়েছিল বলেও দাবি করেছে দলটি।
এমআইকে/এআর




