রোববার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

কওমিপন্থী ৭ দল নিয়ে বসেছে হেফাজত, ঠিক করতে চায় ঐক্যের রূপরেখা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৯ এএম

শেয়ার করুন:

কওমিপন্থী ৭ দল নিয়ে বসেছে হেফাজত, ঠিক করতে চায় ঐক্যের রূপরেখা
বাবুনগর মাদরাসায় এই বৈঠক চলছে। ছবি: সংগৃহীত

কওমি ধারার সাতটি ইসলামি রাজনৈতিক দলের সম্ভাব্য ঐক্যের রূপরেখা চূড়ান্ত করতে দলগুলোর শীর্ষ নেতাদের নিয়ে বৈঠকে বসেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ।

রোববার (২৭ সেপ্টেম্বর) সকাল ১০টায় চট্টগ্রামের ফটিকছড়ির জামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদরাসায় হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সভাপতিত্বে এ বৈঠক শুরু হয়।

ঐক্যপ্রক্রিয়ায় যুক্ত সাত দলের প্রতিটি থেকে পাঁচজন করে প্রতিনিধি বৈঠকে অংশ নিয়েছেন। হেফাজতে ইসলামের আমির ও মহাসচিবের পাশাপাশি ঐক্যের রূপরেখা প্রণয়নে গঠিত উপকমিটির সদস্য এবং সংগঠনটির জ্যেষ্ঠ নেতারাও বৈঠকে উপস্থিত রয়েছেন।

বৈঠকে সাত দলের পক্ষ থেকে আগে দেওয়া পৃথক প্রস্তাবগুলো সমন্বয় করে উপকমিটির তৈরি করা খসড়া রূপরেখা উপস্থাপন করা হচ্ছে। এরপর খসড়ার বিভিন্ন দিক নিয়ে আলোচনা ও মতবিনিময়ের মাধ্যমে দলগুলোর মধ্যে ঐকমত্য তৈরির চেষ্টা চলছে। আলোচনায় কোনো সংশোধন বা সংযোজনের প্রয়োজন হলে তা নিয়েও সিদ্ধান্ত হতে পারে।

হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব আজিজুল হক ইসলামাবাদী গণমাধ্যমকে বলেন, আমির ও মহাসচিবের উপস্থিতিতে বৈঠকে খসড়া রূপরেখা তোলা হবে। নেতাদের আলোচনার ভিত্তিতে সেটি চূড়ান্ত হতে পারে।

ঐক্যপ্রক্রিয়ায় থাকা সাতটি দল হলো—ইসলামী আন্দোলন বাংলাদেশ, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ, খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত আন্দোলন, ইসলামী ঐক্যজোট ও বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি।

বৈঠকে অংশ নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব জালালুদ্দিন আহমদ। তিনি বলেন, হেফাজত আমিরের পক্ষ থেকে ডাকা বৈঠকে তারা অংশ নিচ্ছেন। তবে বৈঠকে কোন কোন বিষয়ে আলোচনা হবে, তা উপকমিটি ভালো বলতে পারবে।

আরও পড়ুন

কওমি ধারার দলগুলো কি জামায়াত জোট থেকে বেরিয়ে যাচ্ছে?

প্রধানমন্ত্রীর সাক্ষাতের পরদিন সরকারকে হুঁশিয়ারি দিলো হেফাজত!

ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব গাজী আতাউর রহমান বলেন, সাত দল নিজ নিজ প্রস্তাব দেওয়ার পর উপকমিটি একটি সমন্বিত রূপরেখার খসড়া তৈরি করবে এবং তা নিয়ে দলগুলোর সঙ্গে বৈঠক করবে—হেফাজতের পক্ষ থেকে এমনটাই জানানো হয়েছিল। সে অনুযায়ী বৈঠকের সময় নির্ধারণ করে দলগুলোকে ডাকা হয়েছে। বৈঠকে উপস্থিত হয়ে তারা ঐক্যের রূপরেখা নিয়ে আলোচনা করছেন।

সাত দলের ঐক্যপ্রক্রিয়ার আনুষ্ঠানিক যাত্রা শুরু হয় গত ১৬ জুলাই। ওই দিন চট্টগ্রামের ফটিকছড়ির জামিয়া আজিজুল উলুম বাবুনগরে হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সভাপতিত্বে সাত দলের নেতাদের বৈঠক অনুষ্ঠিত হয়। এতে ভবিষ্যতে ঐক্যবদ্ধভাবে পথচলার বিষয়ে নীতিগতভাবে একমত হন নেতারা।

পরে সাত দলকে ৩ আগস্টের মধ্যে ঐক্যের রূপরেখা চূড়ান্ত করতে নিজ নিজ প্রস্তাব জমা দিতে বলা হয়। প্রস্তাবগুলো পর্যালোচনা ও সমন্বয়ের জন্য হেফাজতের উদ্যোগে সাত সদস্যের একটি উপকমিটি গঠন করা হয়।

হেফাজত সূত্র জানায়, প্রথম বৈঠকের পর উপকমিটি অন্তত তিন দফা বৈঠক করেছে। এর মধ্যে দুটি ঢাকায় এবং একটি চট্টগ্রামে অনুষ্ঠিত হয়। এসব বৈঠকে দলগুলোর পৃথক প্রস্তাব নিয়ে আলোচনা করা হয়। পরে ১ সেপ্টেম্বর হাটহাজারী মাদরাসায় উপকমিটির বৈঠকে সাত দলের প্রস্তাবগুলো সমন্বয় করে একটি খসড়া রূপরেখা তৈরির কাজ শেষ করা হয়। আজকের বৈঠকে সেই খসড়াই দলগুলোর শীর্ষ নেতাদের সামনে উপস্থাপন করা হচ্ছে। আলোচনার মধ্য দিয়ে ঐকমত্যে পৌঁছানো গেলে বৈঠক থেকেই সাত দলের ঐক্যের রূপরেখা চূড়ান্ত হতে পারে।

জেবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর