শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

‘সরকার ও দল পরিচালনায় বিএনপি নেতৃত্বের সক্ষমতা নিয়ে প্রশ্ন উঠছে’

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৭ পিএম

শেয়ার করুন:

‘সরকার ও দল পরিচালনায় বিএনপি নেতৃত্বের সক্ষমতা নিয়ে প্রশ্ন উঠছে’
রাজধানী ভাটারা সাঈদনগরে তিন বিভাগের থানা প্রতিনিধিদের সম্মেলনে ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম

সার্বিক বিবেচনায় সরকার ও দল পরিচালনায় বিএনপি নেতৃত্বের সক্ষমতা ও দক্ষতা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম (শায়খে চরমোনাই)।

শনিবার (২৬ সেপ্টেম্বর) রাজধানীর ভাটারা থানাধীন সাঈদনগরে ইসলামী আন্দোলন বাংলাদেশের ময়মনসিংহ, ফরিদপুর ও ঢাকা বিভাগের থানা প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এই মন্তব্য করেন তিনি।

মুফতি সৈয়দ ফয়জুল করীম বলেন, ‘সরকার গঠনের পরে অর্ধ বছর চলে গেছে। কিন্তু রাষ্ট্র পরিচালনায় কোন একটা ক্ষেত্রেও বিএনপি নেতৃত্ব সাফল্য দেখাতে পারছে না, কোন একটা সংকট মোকাবিলা করতে পারছে না, মানুষের কোন সমস্যার সমাধান করতে পারছে না। বরং প্রায় প্রতিটি ক্ষেত্রেই পরিস্থিতি আরো খারাপ হয়েছে।’

রাজধানী ভাটারা সাঈদনগরে ইসলামী আন্দোলন বাংলাদেশের ময়মনসিংহ, ফরিদপুর ও ঢাকা বিভাগের থানা প্রতিনিধিদের সম্মেলন
রাজধানী ভাটারা সাঈদনগরে ইসলামী আন্দোলন বাংলাদেশের ময়মনসিংহ, ফরিদপুর ও ঢাকা বিভাগের থানা প্রতিনিধিদের সম্মেলন

তিনি বলেন, ‘জ্বালানি সংকট তীব্র হয়েছে, বিদ্যুৎ সমস্যা মাত্রা ছাড়িয়েছে, দ্রব্যমূল্যে জনগণের নাভিশ্বাস উঠে গেছে। সন্ত্রাস, চাঁদাবাজির পরিমাণ ও ব্যাপ্তি বেড়েছে। অন্যদিকে বিএনপির নেতাকর্মীদের সন্ত্রাস, হানাহানি ও মাস্তানিতে জনগণ অতিষ্ঠ। সার্বিক বিবেচনায় সরকার ও দল পরিচালনায় বিএনপি নেতৃত্বের সক্ষমতা ও দক্ষতা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।’

প্রতিনিধি সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন দলের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান। তিনি বলেন, ‘স্থানীয় সরকার নির্বাচনে ইসলামী আন্দোলন পূর্ণ শক্তি নিয়ে লড়াই করবে।’ এ সময় তিনি শরীয়াহ, সততা ও দক্ষতাকে সামনে নিয়ে নির্বাচনি প্রস্তুতি নিতে নেতাকর্মীদের নির্দেশনা দেন।

ইসলামী আন্দোলন বাংলাদেশের ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আরিফুল ইসলামের সভাপতিত্বে সম্মেলনে কেন্দ্রীয় শীর্ষ নেতৃবৃন্দ বক্তব্য দেন।

এএম

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর