শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

রাজধানীতে আবারও আ.লীগের ঝটিকা মিছিল 

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১১ পিএম

শেয়ার করুন:

রাজধানীতে আবারও আ.লীগের ঝটিকা মিছিল 
ফাইল ছবি

রাজধানী ঢাকাতে আবারও ঝটিকা মিছিল করল কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা। এবার গুলিস্তানে। 

শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে সাতটা থেকে পৌনে আটটার দিকে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের এক নম্বর গেটের সামনে হঠাৎই মিছিল করতে দেখা যায় দলটির নেতাকর্মীদের। 

বিষয়টি নিশ্চিত করেছেন মতিঝিল বিভাগের এডিসি রেজওয়ান। 

তিনি ঢাকা মেইলকে বলেন, সকাল সাড়ে সাতটা থেকে পৌনে আটটার মধ্যে একটা মিছিল নেমেছিল। পুলিশ আশেপাশে থাকায় তাদের ধাওয়া দেয়। মাত্র ১০ থেকে ১৫ সেকেন্ডের মধ্যে মিছিল করে তারা পালিয়ে যায়। কাউকে আটক করা সম্ভব হয়নি। 

নগরীকে উত্তাল করতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা গতকাল থেকে ককটেল বিস্ফোরণ, বাসে আগুন দেওয়াসহ নানা ধ্বংসাত্মক কার্যক্রম চালিয়ে যাচ্ছে। 

সম্প্রতি দলটির পলাতক সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এবং ছাত্রলীগ সভাপতিসহ ছয়জনকে জুলাই গণহত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ফাঁসির রায় দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। 

সেই রায়ের পর থেকে নগরীর বিভিন্ন পয়েন্টে আওয়ামী লীগের নেতাকর্মীরা ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আসছে। যদিও এসব ঘটনায় পুলিশ এখনো কাউকে আটক করতে পারেনি। 

সর্বশেষ শুক্রবার মহাখালী, যাত্রাবাড়ী ও মালিবাগ এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। একইসঙ্গে রাতে মিরপুরের কাফরুল এলাকায় একটি বাসে আগুন দেওয়া হয়। 

তবে কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে, পুলিশ এখনো তাদের শনাক্ত করতে পারেনি। 

এমআইকে/এএইচ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর