‘সম্পত্তি হস্তান্তর আইন’ কুরআন ও সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক। এজন্য অবলম্বে আইনটি সংশোধন করার দাবি জানিয়েছে হেফাজতে ইসলামের নেতৃবৃন্দ।
রোববার (১৩ সেপ্টেম্বর) রাজধানীতে বাংলাদেশের আমির আল্লামা শাহ মুহিবুল্লাহ বাবুনগরীর আহ্বানে এক জরুরি সভায় এমন দাবি তুলে ধরেন তারা।
সম্প্রতি হঠাৎ পাস হওয়া নতুন সম্পত্তি হস্তান্তর সংক্রান্ত মুসলিমদের হেবা (দান) নিয়ে যে নতুন আইনি জটিলতার আশঙ্কা তৈরি হয়েছে, সে ব্যাপারে গভীর উদ্বেগ জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ।
সভায় বক্তারা বলেন, ইসলামি শরিয়া বিশেষজ্ঞদের মতামত না নিয়ে, তড়িঘড়ি করে জাতীয় সংসদে ‘সম্পত্তি হস্তান্তর (সংশোধন) বিল-২০২৬’ পাস করায় তীব্র প্রতিবাদ জানিয়ে বলা হয় যে, এই আইন কুরআন ও সুন্নাহর সাথে সাংঘর্ষিক। মুসলিম প্রধান এদশে ইসলামি শরীয়াহ বিরোধী কোন আইন গ্রহণযোগ্য হবে না। এই বিল সংশোধন করতে হবে।
তারা আরও বলেন, সরকারের উচিত ছিল বিলটি সংসদে উত্থাপন করার আগে ইসলামী শরিয়া বিশেষজ্ঞদের মতামত গ্রহণ করা। আমরা মনে করি আল্লাহর কিতাব কুরআনের নিজস্ব আইনী কাঠামোকে পাশ কাটিয়ে নিজেদের মতো করে আইন বানানো শরিয়াহকে অবজ্ঞা করার শামিল।
হেফাজত নেতৃবৃন্দ বলেন, আমরা স্পষ্টভাবে বলতে চাই, রাষ্ট্রের আইন প্রণয়নের ক্ষমতাকে আমরা অস্বীকার করি না; কিন্তু মুসলিম নাগরিকদের ব্যক্তিগত আইন ও ধর্মীয় বিধানের সঙ্গে সংশ্লিষ্ট কোনো আইন প্রণয়ন বা সংশোধনের ক্ষেত্রে সংশ্লিষ্ট আলেম-ওলামা, ইসলামী আইন বিশেষজ্ঞ ও আইনজ্ঞদের যথাযথ পরামর্শ গ্রহণ করা অপরিহার্য।
আইনমন্ত্রী, চিফ হুইপের সাম্প্রতিক দেওয়া বক্তব্যের নিন্দা জানিয়ে হেফাজত নেতৃবৃন্দ বলেন, সংশ্লিষ্ট নীতিনির্ধারকদের প্রতি আমাদের পয়গাম হলো আলেম-ওলামাকে উপেক্ষা না করে তাদের বক্তব্য গুরুত্বের সঙ্গে শুনুন। কোনো বিষয়ে আপত্তি জানানো ব্যক্তিরা আইন পড়েছেন কি না, এমন প্রশ্ন তোলার পরিবর্তে তাদের আপত্তির শরিয়াগত ও আইনগত ভিত্তি যাচাই করাই দায়িত্বশীল রাষ্ট্রীয় আচরণ।
আমরা মনে করি, মুসলিম নাগরিকদের ব্যক্তিগত আইন ও শরিয়তসম্মত সম্পত্তি বন্টন ব্যবস্থার প্রতি যথাযথ সম্মান প্রদর্শন করা রাষ্ট্রের দায়িত্ব।
সভায় এই আইন সংশোধনের দাবিতে হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মুহিববুল্লাহ বাবুনগরীর পক্ষ থেকে হেফাজত নেতৃবৃন্দসহ ইসলামি ফিকাহ বিশেষজ্ঞ একটি প্রতিনিধি দল প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সাক্ষাৎ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।।
সভায় উপস্থিত ছিলেন— আল্লামা আব্দুল হামিদ পীর সাহেব মধুপুর, মাওলানা শায়খ সাজিদুর রহমান, মাওলানা সালাহউদ্দিন নানুপুরী, মুফতি জসিম উদ্দিন হাটহাজারী, মুফতি আরশাদ রহমানী, মাওলানা আব্দুল আউয়াল নারায়ণগঞ্জ, মাওলানা মাহফুজুল হক,মাওলানা বাহাউদ্দীন জাকারিয়া, মাওলানা মহিউদ্দিন রাব্বানী, মাওলানা জুনায়েদ আল হাবিব, মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, মুফতি মনির হোসাইন কাসেমী, মুফতি সাখাওয়াত হোসাইন রাজি মাওলানা ইকরাম হুসাইন ওয়াদুদী, মাওলানা খুবাইব বিন তৈয়ব, মুফতি বশিরুল্লাহ, মুফতি কেফায়েত উল্লাহ আজহারী, মাওলানা সালাহউদ্দিন, মুফতি এনামুল হক কাসেমী।
এমআইকে/এএস




