রাজধানীর গুলশানে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ঝটিকা মিছিল করেছেন। শুক্রবার (১১ সেপ্টেম্বর) বেলা পৌনে ১২টার দিকে গুলশান থানার ৩ নম্বর সড়কের কেএফসি-সংলগ্ন গলিতে ১৫০ থেকে ২০০ জন নেতাকর্মী মিছিলের চেষ্টা করেন।
এ সময় পুলিশের দিকে ককটেল নিক্ষেপ করা হলে দুটি ককটেল বিস্ফোরিত হয়। পরে পুলিশ দুই রাউন্ড রাবার বুলেট ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়।
ঘটনার পর মিছিলে অংশ নেওয়া আরাফাত (২০) ও আব্দুর রহিম (৪৯) নামের দুজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের কাছ থেকে পাঁচটি তাজা ককটেল উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দাউদ হোসেন বলেন, শুক্রবার বেলা ১১টা ৪৫ মিনিটের দিকে ৩ নম্বর সড়কের কেএফসি-সংলগ্ন গলিতে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ১৫০ থেকে ২০০ জন নেতা-কর্মী জড়ো হয়ে মিছিলের চেষ্টা করেন। তারা দৌড়ে দৌড়ে মিছিল করার চেষ্টা করছিলেন। পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে গেলে পুলিশের দিকে ককটেল নিক্ষেপ করা হয়। এ সময় দুটি ককটেল বিস্ফোরিত হয়।
পরে পুলিশ দুই রাউন্ড রাবার বুলেট ছুড়লে মিছিলকারীরা ছত্রভঙ্গ হয়ে যান। এ সময় আরাফাত ও আব্দুর রহিমকে গ্রেফতার করা হয়।
ওসি দাউদ হোসেন বলেন, মিছিলটি প্রায় ৩০ সেকেন্ড স্থায়ী হয়েছিল। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। বর্তমানে গুলশান এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, মিছিলে অংশ নেওয়া ব্যক্তিরা ‘জয় বাংলা’ স্লোগান দিচ্ছেন। তাদের ছত্রভঙ্গ করতে পুলিশ রাবার বুলেট ছুড়ছে।
এমআইকে/একেএস/এআর




