বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

জাতিকে আর বিভক্ত করতে চাই না: বিরোধীদলীয় নেতা

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৮ পিএম

শেয়ার করুন:

জাতিকে আর বিভক্ত করতে চাই না: বিরোধীদলীয় নেতা
জাতীয় সংসদে বিরোধীদলীয় নেতা ও জামায়াতের আমির ডা. শফিকুর রহমান। ছবি- সংগৃহীত

দেশকে বিভক্ত না করে সবাইকে ঐক্যবদ্ধ করে সামনে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

তিনি বলেছেন, সংসদে তাদের বক্তব্য হবে যৌক্তিক ও শালীন এবং কাউকে ব্যক্তিগতভাবে আক্রমণ করা হবে না।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের সমাপনী বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, ‘আমরা জাতিকে আর বিভক্ত করতে চাই না। সবাইকে ঐক্যবদ্ধ করে আমরা সামনে এগোতে চাই।’

তিনি বলেন, ‘সংসদে আমাদের বক্তব্য হবে যৌক্তিক এবং শালীন, কাউকে ব্যক্তিগত আক্রমণ করা হবে না। এর মাধ্যমে বাংলাদেশের পার্লামেন্টে একটি নতুন ইতিহাস তৈরি হবে।’

সমাপনী বক্তব্যে দেশের অর্থনৈতিক, রাজনৈতিক ও সামাজিক পরিস্থিতি নিয়েও কথা বলেন বিরোধীদলীয় নেতা।

দুর্নীতি নির্মূলের ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, সমাজ থেকে দুর্নীতি নির্মূল না করলে দেশ মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না। দুর্নীতির লাগাম টেনে ধরতে না পারলে সরকারের কোনো পরিকল্পনাই সফল হবে না বলেও মন্তব্য করেন তিনি।

দেশের অর্থনীতি ভঙ্গুর উল্লেখ করে ডা. শফিকুর রহমান বলেন, ব্যাংকিং খাত ও শেয়ারবাজার অর্থনীতির দুটি গুরুত্বপূর্ণ স্তম্ভ হলেও উভয় খাতেই বিপর্যয় নেমে এসেছে। এসব প্রতিষ্ঠানকে দলীয় প্রভাবমুক্ত করে যোগ্য ও সৎ ব্যক্তিদের মাধ্যমে পরিচালনার আহ্বান জানান তিনি।

চাকরিতে কোটার পরিবর্তে মেধার ভিত্তিতে নিয়োগের পক্ষেও অবস্থান জানান বিরোধীদলীয় নেতা। কোনো ধরনের দলীয় আনুকূল্য ছাড়া মেধার যথাযথ মূল্যায়নের দাবি জানান তিনি।

বক্তব্যে বিগত সরকারের সমালোচনা করে তিনি বলেন, ১৫ বছর ধরে গুম, খুন ও মামলা দিয়ে বিরোধী দলকে নিগ্রহ করা হয়েছে। ২০২৪ সালের ছাত্র-তরুণদের গণঅভ্যুত্থানের মাধ্যমে সেই পরিস্থিতির অবসান হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

ভারতের সঙ্গে সম্পর্কের বিষয়ে ডা. শফিকুর রহমান বলেন, প্রতিবেশী হিসেবে বাংলাদেশের সঙ্গে ভারতের সৎ ও স্বাভাবিক সম্পর্ক থাকা উচিত। তবে বাংলাদেশের খুনিদের আশ্রয় দেওয়া এবং রাজনৈতিক অপতৎপরতার সুযোগ করে দেওয়াকে ব্যথাদায়ক বলে মন্তব্য করেন তিনি। বাংলাদেশ স্বাধীন পররাষ্ট্রনীতি অনুসরণ করবে এবং কোনো দেশের অধীনতা মেনে নেবে না বলেও জানান।

শিল্প খাতের সংকট তুলে ধরে তিনি বলেন, গ্যাস ও বিদ্যুতের সংকটে পোশাক খাতের উৎপাদন ৫০ শতাংশে নেমে এসেছে। শিল্প মালিকরা দেউলিয়া হয়ে গেলে ব্যাংক ও সামগ্রিক অর্থনীতি ক্ষতিগ্রস্ত হবে। তাই অগ্রাধিকার ভিত্তিতে শিল্প খাতকে রক্ষার দাবি জানান তিনি। কৃষকদের ন্যায্যমূল্য নিশ্চিত করতে মধ্যস্বত্বভোগী ও চাঁদাবাজদের দৌরাত্ম্য বন্ধেরও আহ্বান জানান।

এ ছাড়া সংসদে পাস হওয়া সম্পদ হস্তান্তর আইন কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক দাবি করে বিলটিতে রাষ্ট্রপতিকে সই না করার অনুরোধ জানান বিরোধীদলীয় নেতা। তিনি ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে আলেমদের দিয়ে আইনটি পর্যালোচনার প্রস্তাব দেন।

টিএই/এএম

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর