বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

শরিয়ার সাংঘর্ষিক সম্পত্তি হস্তান্তর বিল প্রত্যাহার চায় খেলাফত মজলিস

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০০ পিএম

শেয়ার করুন:

শরিয়ার সাংঘর্ষিক সম্পত্তি হস্তান্তর বিল প্রত্যাহার চায় খেলাফত মজলিস
পুরানা পল্টনের দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিলে খেলাফত মজলিসের নেতৃবৃন্দ

সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলে শরিয়াকে অবজ্ঞা করা হয়েছে বলে মনে করছে খেলাফত মজলিস। পাশাপাশি শরিয়ার সঙ্গে সাংঘর্ষিক বিলটি প্রত্যাহারের দাবিও জানিয়েছে তারা।

ইসলামপন্থী রাজনৈতিক দলটি বলছে, ‘যে কোন জনগুরুত্বপূর্ণ আইন প্রণয়ন ও সংশোধনে ইসলামি মূল্যবোধকে প্রাধান্য দিতে হবে।’

বুধবার (৯ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর পুরানা পল্টনের দলীয় কার্যালয়ে আয়োজিত ‘খেলাফত মজলিসের মরহুম নায়েবে আমির মাওলানা সায়্যিদ ফেরদাউস বিন ইসহাক (রহ.)-এর জীবন ও কর্ম’ শীর্ষক আলোচনা সভা ও দোয়া মাহফিলে সরকারের ‍উদ্দেশে দলের নেতারা এসব কথা বলেন।

সভায় প্রধান অতিথির বক্তব্যে খেলাফত মজলিস মহাসচিব ড. আহমদ আব্দুল কাদের বলেন, ‘আইন মূলত মানুষের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করার মাধ্যম। বিশেষ করে মুসলমানদের সম্পত্তি হস্তান্তর, হেবা ও উত্তরাধিকারের মতো স্পর্শকাতর বিষয়ে ইসলামি শরিয়াহর বিধান উপেক্ষা করে যে কোনো আইন প্রণয়ন মুসলিম সংখ্যাগরিষ্ঠ এ সমাজে অস্থিরতা সৃষ্টি করবে। ’

এজন্য সরকারকে সংশ্লিষ্ট আইন বিশেষজ্ঞ ও আলেম-উলামাদের সঙ্গে বিশদ আলোচনার তাগিদ দেন তিনি।

সরকারি নিয়োগে স্বচ্ছতা বজায় রাখা রাষ্ট্রের অপরিহার্য দায়িত্ব উল্লেখ করে খেলাফত মজলিস মহাসচিব বলেন, ‘নিয়োগ পরীক্ষার লিখিত ও মৌখিক উভয় ধাপে এমন কোনো ফাঁকফোকর রাখা যাবে না, যা দুর্নীতি, তদবির বা স্বজনপ্রীতিকে উৎসাহিত করে।’

এসময় মেধা ও যোগ্যতার ভিত্তিতে নিয়োগ নিশ্চিত করার পাশাপাশি যেকোনো অনিয়মের অভিযোগ নিরপেক্ষভাবে তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়ার দাবিও জানান তিনি।

সিনিয়র নায়েবে আমির মাওলানা সাখাওয়াত হোসাইনের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন নায়েবে আমির অধ্যাপক আব্দুল্লাহ ফরিদ, সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসাইন, যুগ্ম মহাসচিব ড. মোস্তাফিজুর রহমান ফয়সাল, অধ্যাপক মো. আব্দুল জলিল, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুহাদ্দিস শেখ মুহাম্মদ সালাহ উদ্দিন।

সভায় মরহুম মাওলানা সায়্যিদ ফেরদাউস বিন ইসহাকের বর্ণাঢ্য জীবন ও কর্মের ওপর আলোকপাত করে বক্তারা বলেন, ‘তিনি ছিলেন ইসলামী আদর্শ, দ্বীনি দাওয়াত ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার একনিষ্ঠ কর্মী। ছাত্রজীবন থেকে তিনি খেলাফত রাষ্ট্র প্রতিষ্ঠার আন্দোলনের শরিক থেকে বিভিন্ন গুরুদায়িত্ব পালন করেন। তাঁর নিষ্ঠা, নৈতিকতা ও আপসহীন ভূমিকা আগামী প্রজন্মের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।

অনুষ্ঠানে খেলাফত মজলিসের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, বিশিষ্ট আলেম-উলামা, ইসলামী চিন্তাবিদ এবং মরহুমের শুভাকাঙ্ক্ষী ও পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। সভা শেষে মরহুমের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

এএম

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর