গ্যাস ও বিদ্যুৎ সংকট নিরসনে রাজপথে আন্দোলনের কর্মসূচি না দিয়ে সংকট মোকাবিলায় বিকল্প পরিকল্পনা দেওয়ার জন্য বিরোধী দলের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, গ্যাস-বিদ্যুতের সংকট নিয়ে আন্দোলন, লংমার্চ কিংবা কর্মসূচি দেওয়া গণতান্ত্রিক অধিকার। তবে একই সঙ্গে এই সংকট কীভাবে সমাধান করা যায়, কোথা থেকে জ্বালানি সরবরাহ করা সম্ভব এবং কী পদক্ষেপ নিলে পরিস্থিতি সামাল দেওয়া যাবে—সে বিষয়ে বিরোধী দলের একটি বিকল্প প্রস্তাব থাকা উচিত।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) শিল্পকলা অ্যাকাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থার নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির অভিষেক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, আপনারা গ্যাস, বিদ্যুতের জন্য লংমার্চ করবেন, কর্মসূচি দেবেন—ঠিক আছে। কিন্তু আপনারা একটা অল্টারনেটিভ বলুন, আমরা গ্যাস ও বিদ্যুৎ কীভাবে সরবরাহ করব, কোথা থেকে পাব, কীভাবে পাব।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, বর্তমান সংকট মোকাবিলায় কী কী পদক্ষেপ নেওয়া যেতে পারে, সে বিষয়ে বিরোধী দলের একটি সুস্পষ্ট পরিকল্পনা দেওয়া প্রয়োজন। সংসদে বিরোধীদলের সদস্যদের কথা বলার সুযোগ রয়েছে। সরকারের সমালোচনা এবং সংসদের বাইরে কর্মসূচি পালন গণতন্ত্রের স্বাভাবিক চর্চা হলেও জাতীয় সংকট মোকাবিলায় গঠনমূলক পরামর্শ দেওয়াও জরুরি।
বিএনপির এই নেতা বলেন, একটা পরিকল্পিত অচলাবস্থা তৈরি করা আমার মনে হয় ঠিক হবে না। বরং কীভাবে এই সংকট নিবারণ করা যায়, সেই বিষয়ে পরিকল্পনা দিতে হবে।
অতীতের ভুলের পুনরাবৃত্তি হলে পরিস্থিতি আরও অন্ধকারের দিকে যেতে পারে বলেও সতর্ক করেন রিজভী।
গ্যাস ও বিদ্যুৎ সংকটের পেছনে বৈশ্বিক যুদ্ধ ও জ্বালানি সরবরাহ ব্যবস্থার সংকট রয়েছে বলে দাবি করেন রিজভী। তিনি বলেন, হরমুজ প্রণালি দিয়ে জ্বালানি পরিবহনে বাধা সৃষ্টি হওয়ায় প্রয়োজনীয় জ্বালানি আমদানিতে সংকট দেখা দিয়েছে। এটি সরকারের নিজস্ব কোনো কারণে সৃষ্টি হয়নি বলেও দাবি করেন তিনি।
জুলাই আন্দোলনে গান ও নৃত্যশিল্পীদের ভূমিকার কথাও তুলে ধরেন রুহুল কবির রিজভী। তিনি বলেন, আন্দোলনের সময় সাংস্কৃতিক পরিবেশনা অংশগ্রহণকারীদের মধ্যে উদ্দীপনা ও সাহস তৈরি করেছিল।
অনুষ্ঠানে বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থার সভাপতি ফারহানা বেবীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সড়ক পরিবহন ও রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব, বিএনপির সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আশরাফ উদ্দিন উজ্জ্বল, নায়ক হেলাল খান, জাকির হোসেন রুকন প্রমুখ।
জেবি




