জ্বালানি সংকট, ব্যাংকিং খাতের নানা সমস্যা এবং ব্যবসা-বাণিজ্যে বিদ্যমান প্রতিবন্ধকতার কথা বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের কাছে তুলে ধরেছেন ব্যবসায়ী নেতারা।
বুধবার (২ সেপ্টেম্বর) রাতে বসুন্ধরায় ডা. শফিকুর রহমানের কার্যালয়ে বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিকেএমইএ) একটি প্রতিনিধি দলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও বৈঠকে এসব বিষয় তুলে ধরা হয়।
বিকেএমইএর প্রেসিডেন্ট মোহাম্মদ হাতেমের নেতৃত্বে প্রতিনিধি দলটি বৈঠকে অংশ নেয়। এতে সংগঠনটির সিনিয়র সহ-সভাপতি অমল পোদ্দার, পরিচালক ও সাবেক নির্বাহী সভাপতি মনসুর আহমেদ, পরিচালক মো. জামাল উদ্দিন, পরিচালক মো. সালাউদ্দিন আহমেদ শামীম এবং পরিচালক মো. মনিরুজ্জামান উপস্থিত ছিলেন।
এ ছাড়া আইবিডব্লিউএফের মহাসচিব ডা. আনোয়ারুল আজিম এবং বিজিএমইএর স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান মোজাম্মেল হক ভূঁইয়া বৈঠকে উপস্থিত ছিলেন।
বৈঠকে দেশের পোশাকশিল্পের সার্বিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বিশেষ করে শিল্প খাতে চলমান বিদ্যুৎ, গ্যাসসহ জ্বালানি সংকট, ব্যাংকিং খাতের বিভিন্ন সমস্যা এবং ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রে বিদ্যমান নানা প্রতিবন্ধকতা ও সম্ভাবনা নিয়ে ব্যবসায়ী নেতারা তাঁদের মতামত ও উদ্বেগ তুলে ধরেন।
ডা. শফিকুর রহমান ব্যবসায়ী নেতাদের বক্তব্য মনোযোগসহকারে শোনেন। দেশের অর্থনীতি ও কর্মসংস্থানে পোশাকশিল্পের গুরুত্বপূর্ণ অবদানের কথা উল্লেখ করে শিল্প খাতের বিদ্যমান সমস্যাগুলো সমাধানে প্রয়োজনীয় সহযোগিতা ও উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন।
বৈঠকে দেশের ব্যবসা-বাণিজ্য ও শিল্প খাতের উন্নয়ন, বিনিয়োগবান্ধব পরিবেশ সৃষ্টি এবং জাতীয় অর্থনীতিকে আরও শক্তিশালী করার লক্ষ্যে পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
টিএই/এমআই




