রোববার, ৩০ আগস্ট, ২০২৬, ঢাকা

বিরোধী দলীয় উপনেতা

অতীতে সংসদে অনেক কিছু হয়েছে, কালো ইতিহাসে ফিরে যেতে চাই না

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ৩০ আগস্ট ২০২৬, ০৮:৩৯ পিএম

শেয়ার করুন:

অতীতে সংসদে অনেক কিছু হয়েছে, কালো ইতিহাসে ফিরে যেতে চাই না

অতীতে সংসদে স্পিকারকে পিটিয়ে হত্যা, ডেপুটি স্পিকারকে হত্যা এবং সংসদে জুতা ছোড়াছুড়ির মতো ঘটনা ঘটেছে উল্লেখ করে সেই ‘কালো ইতিহাসে’ ফিরে যেতে চান না বলে জানিয়েছেন বিরোধী দলীয় উপনেতা সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের।

রোববার (৩০ আগস্ট) জাতীয় সংসদে স্থায়ী কমিটি গঠন ও পুনর্গঠন নিয়ে আলোচনায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন।

সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি পদ বণ্টন নিয়ে সরকারি ও বিরোধী দলের মধ্যে পাল্টাপাল্টি বক্তব্যের এক পর্যায়ে বিরোধী দলীয় উপনেতা বলেন, অতীতে তো স্পিকারকে পিটিয়ে মারা হয়েছে, ডেপুটি স্পিকার শাহেদ আলী সাহেবকে হত্যা করা হয়েছে, জুতা ছোড়াছুড়ি হয়েছে। আমরা সেই কালো ইতিহাসে ফিরে যেতে চাই না।

তিনি বলেন, সংসদে বিরোধী দলের সদস্য সংখ্যার অনুপাতে ২৬ শতাংশ স্থায়ী কমিটির সদস্য পদ পাওয়ার কথা। একইভাবে কমিটিগুলোর সভাপতির পদেও ২৬ শতাংশ পাওয়ার প্রত্যাশা ছিল তাদের। কিন্তু এখন পর্যন্ত কোনো মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি পদে বিরোধী দলের কাউকে দেওয়া হয়নি।

চিফ হুইপের সঙ্গে ফোনালাপের প্রসঙ্গ তুলে সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের বলেন, সংবিধান সংশোধন কমিটিতে বিরোধী দল অংশ নিলে তাদের সভাপতি পদ দেওয়া হবে—এমন কোনো সমঝোতা হয়নি।

তিনি বলেন, সংবিধান সংশোধন কমিটিতে আমরা যাব এবং সেই হিসেবে আপনি আমাদের সভাপতি দেবেন—এমন কথা আমরা কখনোই বলিনি। আমাদের নীতিগত সিদ্ধান্ত হলো, আমরা সংবিধান সংশোধন কমিটিতে অংশগ্রহণ করব না। একটি কমিটিতে জয়েন করানোর জন্য শর্ত আরোপ করে জোর-জবরদস্তি করার ট্র্যাডিশন আমরা সঠিক মনে করি না।

বিরোধী দলীয় উপনেতা বলেন, প্রধানমন্ত্রী বলেছিলেন এটি জনগণের সংসদ। তাই বৈষম্যবিরোধী এই সংসদে বিরোধী দল হিসেবে তাদের ন্যায্য অধিকার নিশ্চিত করা উচিত।

এর আগে চিফ হুইপ তার বক্তব্যে বলেন, বিরোধী দলীয় উপনেতার সঙ্গে ফোনালাপের ভিত্তিতে তিনি আশা করেছিলেন, বিরোধী দল সংবিধান সংশোধন কমিটিতে অংশ নেবে। এই বোঝাপড়ার কারণেই রোববারের কমিটি পুনর্গঠন প্রক্রিয়া স্থগিত রাখা হয়েছে।

চিফ হুইপ বলেন, বিগত ৫৪-৫৫ বছরে পাবলিক অ্যাকাউন্টস কমিটি ছাড়া অন্য কোনো সংসদীয় কমিটির সভাপতি বিরোধী দল থেকে করার রেওয়াজ নেই। তারপরও বিরোধী দলকে আনুপাতিক হারে ১০টি কমিটির সভাপতি পদ দিতে তারা রাজি।

তিনি বলেন, আমাদের কথা ছিল, সংবিধান সংশোধন করেই আমরা জুলাই সনদ বাস্তবায়ন করব। উনারা যদি সেই প্রক্রিয়ায় অংশ নেন, তবে আমরা পদ দিতে রাজি আছি। আমরা কোনো কিছু আটকে রাখতে চাই না।

চিফ হুইপ আরও বলেন, আমি যদি দিল খুলে কথা বলি, তবে অপরপক্ষকেও ওপেন হার্ট হতে হবে। কথার মারপ্যাঁচ করে আমরা দেশ গঠনের কাজে এগোতে পারব না।

টিএই/এএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর