শনিবার, ২৯ আগস্ট, ২০২৬, ঢাকা

সব উপজেলায় আহ্বায়ক কমিটি গঠনের নির্দেশ এনসিপির

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৯ আগস্ট ২০২৬, ০১:৫৬ পিএম

শেয়ার করুন:

সব উপজেলায় আহ্বায়ক কমিটি গঠনের নির্দেশ এনসিপির
এনসিপির লোগো

সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা এবং আগামী স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে তৃণমূল পর্যায়ে প্রস্তুতি জোরদার করতে দেশের সব উপজেলায় আহ্বায়ক কমিটি গঠনের নির্দেশ দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। আগামী ২৮ সেপ্টেম্বরের মধ্যে সংশ্লিষ্ট জেলা ইউনিটগুলোকে এ কমিটি গঠন শেষ করতে বলা হয়েছে।

শুক্রবার (২৮ আগস্ট) এনসিপির মুখ্য সংগঠক সারজিস আলমের স্বাক্ষরিত এক সাংগঠনিক নির্দেশনায় এ তথ্য জানানো হয়। শনিবার (২৯ আগস্ট) দলের পক্ষ থেকে বিষয়টি প্রকাশ করা হয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, কোনো উপজেলায় নির্ধারিত সময়ের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন সম্ভব না হলে ১১ থেকে ১৫ সদস্যের আংশিক আহ্বায়ক কমিটি করা যাবে। পরে ওই কমিটিকে পরবর্তী ১৫ দিনের মধ্যে ৫১ সদস্যের পূর্ণাঙ্গ উপজেলা কমিটি গঠন করতে হবে।

ইতোমধ্যে যেসব উপজেলায় আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে এবং ভবিষ্যতে যেসব উপজেলায় কমিটি হবে, সেসব কমিটিকে ইউনিয়ন পর্যায়ে আহ্বায়ক কমিটি গঠনের প্রক্রিয়া শুরু করার নির্দেশ দেওয়া হয়েছে।

উপজেলা আহ্বায়ক কমিটি গঠনে বয়সের বিষয়টিও গুরুত্ব দিয়েছে এনসিপি। নির্দেশনা অনুযায়ী, উপজেলা আহ্বায়কের বয়স ৪০ বছরের বেশি হতে হবে। সদস্যসচিবের বয়স ৩৫ বছরের বেশি হলে ভালো; তবে কোনোভাবেই ৩০ বছরের কম বয়সী কাউকে এ পদে রাখা যাবে না।
যারা ইতোমধ্যে উপজেলা চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন কিংবা সম্ভাব্য প্রার্থী হিসেবে বিবেচিত হচ্ছেন, তাদের আহ্বায়ক বা সদস্যসচিব পদে অগ্রাধিকার দেওয়ার কথা বলা হয়েছে।

এ ছাড়া উপজেলা আহ্বায়ক ও সদস্যসচিবের মধ্যে অন্তত একজনের বাসস্থান শহর অথবা শহরের আশপাশে হওয়া বাধ্যতামূলক করা হয়েছে। উভয়ের বসবাস শহর বা শহরতলিতে হলে তা অগ্রাধিকারযোগ্য বলেও নির্দেশনায় উল্লেখ করা হয়।

নেতৃত্ব বাছাইয়ের ক্ষেত্রে স্থানীয় মানুষের কাছে গ্রহণযোগ্যতা ও পরিচিতি, নেতৃত্ব দেওয়ার সক্ষমতা, সংগঠনের প্রতি আনুগত্য এবং পরিচ্ছন্ন ভাবমূর্তিকে গুরুত্ব দেওয়ার নির্দেশ দিয়েছে দলটি।

কমিটিতে প্রতিনিধিত্ব নিশ্চিত করার ক্ষেত্রেও নির্দিষ্ট নির্দেশনা দিয়েছে এনসিপি। প্রতিটি উপজেলা কমিটিতে অন্তত ৫ শতাংশ নারী সদস্য রাখার কথা বলা হয়েছে। পাশাপাশি সংশ্লিষ্ট এলাকার বিভিন্ন ধর্মীয় ও জাতিগোষ্ঠীর আনুপাতিক প্রতিনিধিত্ব নিশ্চিত করার নির্দেশনাও দেওয়া হয়েছে।

নির্দেশনায় আরও বলা হয়, আগামী ২৯ সেপ্টেম্বরের মধ্যে সব জেলা ইউনিটের আহ্বায়ক ও সদস্যসচিবকে উপজেলা আহ্বায়ক কমিটি গঠনের সর্বশেষ অগ্রগতি নিয়ে লিখিত প্রতিবেদন বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও মুখ্য সংগঠকের কাছে জমা দিতে হবে।

দলের সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী করা এবং আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে তৃণমূল পর্যায়ে সংগঠনকে প্রস্তুত করার লক্ষ্যেই এসব নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছে এনসিপি।

এম/এমআই

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর