বুধবার, ২৬ আগস্ট, ২০২৬, ঢাকা

এনসিপির কার্যালয় পরিদর্শনে বিরোধীদলীয় নেতা

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২৬ আগস্ট ২০২৬, ১২:০৭ এএম

শেয়ার করুন:

এনসিপির কার্যালয় পরিদর্শনে বিরোধীদলীয় নেতা
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) বাংলা মোটরের কেন্দ্রীয় কার্যালয় পরিদর্শন করেছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। ছবি: ঢাকা মেইল

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) বাংলা মোটরের কেন্দ্রীয় কার্যালয় পরিদর্শন করেছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান এমপি। এ সময় তিনি বলেন, দেশ ও জনগণের স্বার্থে এনসিপিসহ একসঙ্গে কাজ করছে তারা এবং সংসদের ভেতরে-বাইরে গঠনমূলক বিরোধীদল হিসেবে দায়িত্ব পালনের চেষ্টা করছে।

মঙ্গলবার (২৫ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টায় এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে যান ডা. শফিকুর রহমান। এ সময় তাকে বরণ করে নেন এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম এমপি, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী এবং ডা. মাহমুদা মিতু এমপিসহ দলের অন্যান্য নেতারা।

ডা. শফিকুর রহমানের সঙ্গে এ সময় জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ ও প্রচার কমিটির সদস্য মুহাম্মদ জাহিদুর রহমান উপস্থিত ছিলেন।

পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিরোধীদলীয় নেতা। তিনি বলেন, ‘আমরা দেশ ও জনগণের জন্য এনসিপিসহ একসঙ্গে কাজ করছি। সংসদের ভেতরে ও বাইরে এবং বিগত নির্বাচনে একসঙ্গে লড়াই করেছি।’

তিনি বলেন, ‘আমরা গঠনমূলক বিরোধীদল হিসেবে দায়িত্ব পালনের চেষ্টা করছি। সরকারের দুটি অঙ্গ—একটি সরকারি দল, আরেকটি বিরোধীদল। এছাড়া দেশ চলে না। বিরোধীদল ছাড়া গণতন্ত্র শূন্য।’

সংসদে বিরোধীদল হিসেবে তাদের প্রাপ্য অধিকার থেকে বহুলাংশে বঞ্চিত করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। ডা. শফিকুর রহমান বলেন, সংসদের বাইরেও বৈষম্য পাকাপোক্ত হচ্ছে বলে তাদের মনে হচ্ছে।

তিনি বলেন, ‘তিনশ আসনের ফান্ডের বরাদ্দ দেওয়ার ক্ষেত্রে সরকারি দলকে দেওয়া হয়েছে। এর ধারে কাছেও নেই বিরোধীদলের এমপিরা। সরকারি বরাদ্দ কোনো দলের না।’

সরকারি দল নির্বাচনের আগে বৈষম্য না করার এবং দেশের সুষম উন্নয়নে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছিল বলেও উল্লেখ করেন তিনি।

ডা. শফিকুর রহমান বলেন, ‘উন্নয়ন নাগরিকের অধিকার। একটি দেশের মধ্যে যখনই বৈষম্যের সৃষ্টি হয়, তখন সামাজিক অসন্তোষ দেখা দেয়। স্থিতিশীল সমাজ গড়ে না উঠলে দেশ কখনো এগিয়ে যেতে পারবে না। আর এমন সমাজ প্রতিষ্ঠার মূল দায়িত্ব সরকারি দলের।’

সংসদের সংরক্ষিত নারী সদস্যদের ক্ষেত্রেও বৈষম্য করা হচ্ছে বলে অভিযোগ করেন আমিরে জামায়াত। তিনি বলেন, ‘সরকারি দলের সংরক্ষিত নারী সদস্যদের বিরোধীদলের এমপিদের আসনে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে। এভাবে একটি দেশ ও জাতি এগিয়ে যেতে পারে না।’

চলমান আন্দোলনের প্রসঙ্গ তুলে ডা. শফিকুর রহমান বলেন, ‘আমরা অত্যন্ত নিয়মতান্ত্রিক পন্থায় এখন যে আন্দোলন করছি, তা জনগণের দাবি বাস্তবায়নের জন্য, গণভোটের গণরায় বাস্তবায়নের জন্য। সরকার আমাদের রাজপথে ঠেলে দিয়েছে। আমরা এর সমাধান সংসদের ভেতরে চেয়েছিলাম।’

তিনি বলেন, ‘আমরা কথা দিচ্ছি, বাংলাদেশে আরেকটি নতুন ফ্যাসিবাদ কায়েম হতে দেব না।’

ডা. শফিকুর রহমান আশা প্রকাশ করেন, জাতীয় নাগরিক পার্টি বৈষম্যহীন বাংলাদেশ গঠনে কার্যকর ভূমিকা রাখবে।

টিএই/এমআই

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর