জাতীয় পত্রিকার সম্পাদকদের সঙ্গে মতবিনিময় করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, জাতীয় সমস্যা, জনদুর্ভোগ, জুলাই সনদের ভিত্তিতে অনুষ্ঠিত গণভোটের গণরায় বাস্তবায়ন, সংসদে বিরোধীদলের ভূমিকা এবং ভূরাজনৈতিক ও আন্তর্জাতিক পরিস্থিতি নিয়ে এ মতবিনিময় হয়।
রোববার (২৪ আগস্ট) দুপুরে রাজধানীর ২৯ মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় শেষে সাংবাদিকদের ব্রিফ করেন- জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার।
তিনি বলেন, ‘দেশের বর্তমান পরিস্থিতিতে সংসদে জামায়াতে ইসলামী ও ১১ দল যে ভূমিকা পালন করছে, মতবিনিময় সভায় আমিরে জামায়াত তা সম্পাদকদের সামনে তুলে ধরেছেন।’
তিনি বলেন, জাতীয় সমস্যা ও জনদুর্ভোগের পাশাপাশি বিশেষ করে জুলাই সনদের ভিত্তিতে অনুষ্ঠিত গণভোটের গণরায় বাস্তবায়ন নিয়ে যে সংকট তৈরি হয়েছে, তা সমাধানে জামায়াতের ভূমিকার কথাও তুলে ধরা হয়েছে। সংসদে ও সংসদের বাইরে প্রধান বিরোধী দল হিসেবে জামায়াত গঠনমূলক ভূমিকা পালন করে আসছে বলে উল্লেখ করেন তিনি।
গোলাম পরওয়ার বলেন, অতীতে প্রচলিত ও প্রথাগত বিরোধী দলের যে খারাপ অনুশীলন ছিল, সেই প্রথা ভেঙে দিয়ে দেশের সামগ্রিক স্থিতিশীলতা বজায় রাখার লক্ষ্যে সরকারের ভালো কাজে সহযোগিতা এবং অন্যায় ও গণবিরোধী কর্মকাণ্ডের প্রতিরোধে জামায়াত যে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে, তা সম্পাদকদের সামনে তুলে ধরেছেন আমিরে জামায়াত। সম্পাদকমণ্ডলী জামায়াতের এ নীতির প্রশংসা করেছেন বলেও তিনি জানান।
তিনি বলেন, ‘জামায়াতের বিরোধিতা হবে নিয়মতান্ত্রিক ও গঠনমূলক। মতবিনিময়ে দেশের বিরাজমান পরিস্থিতির পাশাপাশি ভূরাজনৈতিক ও আন্তর্জাতিক পরিস্থিতি নিয়েও আলোচনা হয়েছে। রাজপথে বিরোধী দল আন্দোলন করলেও দেশ যেন অস্থিতিশীল না হয়, সে বিষয়ে সম্পাদকরা পরামর্শ দিয়েছেন।’
সরকারের ছয় মাস অতিবাহিত হওয়ার পর সম্পাদকদের সঙ্গে এটি প্রথম মতবিনিময় উল্লেখ করে গোলাম পরওয়ার বলেন, ‘বর্তমান সরকারি দল জাতীয় সংসদে বিরোধী দলের এমপিদের সঙ্গে বৈষম্যমূলক আচরণ করছে। উন্নয়নমূলক কাজ, বরাদ্দ, সংসদে কথা বলা, আইন প্রণয়ন এবং বিভিন্ন নোটিশ গ্রহণের ক্ষেত্রেও বিরোধী দল বৈষম্যের শিকার হচ্ছে।’
তিনি বলেন, ‘জামায়াত বিদ্যুৎ, তেল ও গ্যাস সংকট নিরসন, গণভোটের গণরায় বাস্তবায়ন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং প্রবাসীদের অধিকার রক্ষায় ভূমিকা পালন করছে। কিন্তু এরপরও স্পিকারের পক্ষ থেকে বিরোধী দল ইনসাফপূর্ণ আচরণ পাচ্ছে না; বরং বৈষম্যের শিকার হচ্ছে। এসব বিষয়ও আমিরে জামায়াত সম্পাদকদের সামনে তুলে ধরেছেন।’
সম্পাদকদের লেখনীর মাধ্যমে সত্য তুলে ধরার আহ্বান জানিয়ে আমিরে জামায়াত বলেন, ‘গণতন্ত্রে উত্তরণের পথে দায়িত্বশীলতার সঙ্গে সহযোগিতা করতে হবে। সম্পাদকরা মতবিনিময়ে অভিমত দেন, সংসদের অতীতের বিরোধী দলগুলোর তুলনায় জামায়াতের ভূমিকা ব্যতিক্রম। জামায়াত গঠনমূলক পন্থায় সংসদকে কার্যকর রাখতে চায়, তবে এ ক্ষেত্রে সরকারকেও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।’
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন- দৈনিক আমার দেশের সম্পাদক ড. মাহমুদুর রহমান, দ্য ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনাম, দৈনিক ইত্তেফাকের সম্পাদক তাসমিমা হোসেন, দৈনিক যায়যায়দিনের সম্পাদক শফিক রেহমান, দৈনিক মানবজমিনের সম্পাদক মতিউর রহমান চৌধুরী, দৈনিক প্রথম আলোর নির্বাহী সম্পাদক সাজ্জাদ শরীফ, দৈনিক বণিক বার্তার সম্পাদক দেওয়ান হানিফ মাহমুদ, দৈনিক নয়া দিগন্তের সম্পাদক সালাহউদ্দিন মুহাম্মদ বাবর, ডেইলি ওয়াদার সম্পাদক শফিকুল আলম, দৈনিক ইনকিলাবের সম্পাদক এ এম এম বাহাউদ্দীন, প্রতিদিনের বাংলাদেশের সম্পাদক মারুফ কামাল খান, দৈনিক মানবকণ্ঠের সম্পাদক মোহাম্মদ শহিদুল ইসলাম, ঢাকা মেইলের নির্বাহী সম্পাদক হারুন জামিল, দৈনিক কালবেলার সম্পাদক সন্তোষ শর্মা, দৈনিক এদিনের সম্পাদক মো. সাইদুল ইসলাম সাজু, দৈনিক খবরের কাগজের সম্পাদক মোস্তফা কামাল, দৈনিক ভোরের ডাকের সম্পাদক কে এম বেলায়েত হোসেন, আজকের পত্রিকার সম্পাদক কামরুল হাসান, দৈনিক দেশ রূপান্তরের নির্বাহী সম্পাদক সাহিদুল ইসলাম চৌধুরী, বাণিজ্য প্রতিদিনের সম্পাদক গিয়াস উদ্দিন, দৈনিক করতোয়ার সম্পাদক মোজাম্মেল হক, দৈনিক জনতার সম্পাদক ওবায়দুর রহমান শাহীন, আগামীর সময়ের সম্পাদক মোস্তফা মামুন, খোলা কাগজের সম্পাদক আহসান হাবীব, দ্য নিউ নেশনের সম্পাদক মো. মোকাররম হোসেন, গ্রিন ওয়াচের সম্পাদক মোস্তফা কামাল মজুমদার, দ্য ইভিনিং নিউজের সম্পাদক এ বি এম সেলিম আহমেদ, ডেইলি সানের উপসম্পাদক আল আমিন, দ্য বিজনেস স্ট্যান্ডার্ড-এর যুগ্ম সম্পাদক সাজ্জাদুর রহমান, দৈনিক সংগ্রামের বার্তা সম্পাদক শামসুল আরেফীন এবং সাপ্তাহিক সোনার বাংলার বার্তা সম্পাদক ফেরদৌস আহমদ ভূঁইয়া।
মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও বিরোধীদলীয় উপনেতা ডা. সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের এমপি, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান এমপি, ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ, মাওলানা আবদুল হালিম, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান মিলন এমপি, আব্দুর রব, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল এমপি, ঢাকা মহানগরী উত্তরের আমির মুহাম্মদ সেলিম উদ্দিন, ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ এমপি, ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. রেজাউল করিম, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মুহাম্মাদ জাহিদুর রহমান ও দেলাওয়ার হোসেন, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন এমপি এবং আতাউর রহমান সরকার প্রমুখ।
টিএই/এমআই




