রোববার, ২৩ আগস্ট, ২০২৬, ঢাকা

তরুণ প্রজন্মকে সঙ্গে নিয়ে ইনসাফের বাংলাদেশ গড়ব: শিবির সভাপতি

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২৩ আগস্ট ২০২৬, ০৯:৪০ পিএম

শেয়ার করুন:

তরুণ প্রজন্মকে সঙ্গে নিয়ে ইনসাফের বাংলাদেশ গড়ব: শিবির সভাপতি
ছাত্রশিবির ঢাকা মহানগর দক্ষিণ শাখার এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংবর্ধনা অনুষ্ঠানে নেতৃবৃন্দ

তরুণ প্রজন্মকে সঙ্গে নিয়ে একটি কল্যাণমুখী, ন্যায়ভিত্তিক ও ইনসাফের বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম।

তিনি বলেছেন, ‘মেধাবী, সাহসী ও স্বপ্নবান তরুণদের মেধা, তারুণ্য ও উদ্যম কাজে লাগিয়ে নতুন বাংলাদেশ গড়ার পথে এগিয়ে যেতে হবে।’

রোববার (২৩ আগস্ট) রাজধানীর গেন্ডারিয়া সামাজিক সাংস্কৃতিক কেন্দ্রের অডিটোরিয়ামে এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া ১ হাজার ৫০০ শিক্ষার্থীর সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ছাত্রশিবির ঢাকা মহানগর দক্ষিণ শাখা এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে সংবর্ধনা ক্রেস্ট ও উপহারসামগ্রী তুলে দেওয়া হয়।

নুরুল ইসলাম সাদ্দাম বলেন, ‘তরুণ প্রজন্মকে সঙ্গে নিয়ে আমরা একটি কল্যাণমুখী, ন্যায়ভিত্তিক ও ইনসাফের বাংলাদেশ গড়ে তুলব। তোমরা যারা এ+ পেয়েছো, তোমরা যারা মেধাবী, সাহসী ও স্বপ্নবান—তোমরাই আমাদের সঙ্গে থাকবে। তোমাদের মেধা, তারুণ্য ও উদ্যমকে কাজে লাগিয়ে আমরা নতুন বাংলাদেশ গড়ার পথে এগিয়ে যাব।’

তিনি বলেন, ‘আমরা হব বড় বিহানে পাখির কলরব, জাগিয়ে দেব ঘুমিয়ে থাকা মানুষগুলোকে। অন্যায়ের বিরুদ্ধে কথা বলব, মানুষের অধিকার ও মর্যাদার জন্য দাঁড়াব।’

শিক্ষার্থীদের আগামী দিনের জন্য প্রস্তুত হওয়ার আহ্বান জানিয়ে শিবির সভাপতি বলেন, ‘নতুন বাংলাদেশ গড়ে তোলার স্বপ্ন তরুণদের দেখতে হবে এবং তা বাস্তবায়নের পথে আগামী দুই বছর অত্যন্ত গুরুত্বপূর্ণ। কলেজজীবনের এই সময় কোনোভাবেই নষ্ট করা যাবে না। অপ্রয়োজনীয় বিষয়, অযথা আড্ডা কিংবা ভবিষ্যৎকে পিছিয়ে দেয় এমন কোনো কাজে নিজেদের জড়ানো থেকে বিরত থাকতে হবে।’

তিনি আরও বলেন, ‘সামনে শিক্ষার্থীদের জীবন আরও কঠিন ও প্রতিযোগিতাময় হবে। বর্তমানে যে প্রতিষ্ঠানের শিক্ষার্থী, ভবিষ্যতে প্রতিযোগিতা শুধু সহপাঠীদের সঙ্গে নয়, দেশের সব মেধাবী শিক্ষার্থীর সঙ্গে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের সেরা বিশ্ববিদ্যালয়ে কাঙ্ক্ষিত বিষয়ে পড়তে চাইলে এখন থেকেই নিজেদের প্রস্তুত করতে হবে।’

শিক্ষার্থীদের সাফল্যের পাশাপাশি নৈতিকতা ও মানবিকতার ওপর গুরুত্ব দিয়ে নুরুল ইসলাম সাদ্দাম বলেন, ‘মানুষের চেষ্টা ও সাফল্যের মূল্য শুধু পৃথিবীতেই নয়, আখিরাতেও রয়েছে। আল্লাহ মানুষের পরিশ্রম, সততা ও নেক আমলের যথাযথ প্রতিদান দেবেন। তাই শিক্ষার্থীদের জ্ঞান, মেধা ও যোগ্যতাকে মানুষের কল্যাণে কাজে লাগাতে হবে।’

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে ছাত্রশিবিরের কেন্দ্রীয় সাহিত্য সম্পাদক সাইদুল ইসলাম বলেন, ‘জীবনের একপর্যায়ে মানুষ সফল হলে সাধারণত দুই ভাগে বিভক্ত হয়ে যায়। একদল সফল হয়ে অহংকারী হয়ে ওঠে, আরেকদল সফল হয়ে আরও বেশি বিনয়ী হয়। শিক্ষার্থীদের সাফল্যের সঙ্গে বিনয় ধরে রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন, যত বড় হওয়া যাবে, তত বেশি বিনয়ী হতে হবে। বাবা-মা, শিক্ষক ও সমাজের প্রতি দায়িত্বও ভুলে যাওয়া যাবে না।’

ছাত্রশিবিরের সাবেক আন্তর্জাতিক সম্পাদক ও ডাকসুর ভিপি আবু সাদিক কায়েম বলেন, ‘জিপিএ-৫, গোল্ডেন এ+ কিংবা ভালো ফলাফল করাই জীবনের পূর্ণ সফলতা নয়। প্রকৃত সফলতা হলো ভালো, নৈতিকতাসম্পন্ন ও মানবিক মানুষ হওয়া এবং নিজের যোগ্যতার মাধ্যমে সমাজ ও দেশের কল্যাণে ভূমিকা রাখা।’

তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ‘সফল হতে চাইলে সবার আগে নিজের মন থেকে বিশ্বাস করতে হবে— আমি পারব, আমরা পারব।’

বিশ্ববিদ্যালয়ে ভর্তি ও পরবর্তী জীবনকে সামনে রেখে আত্মবিশ্বাস ধরে রাখার পরামর্শ দেন তিনি। আল্লাহর ওপর ভরসা রেখে পরিশ্রম করলে সফলতা আসবে বলেও আশাবাদ ব্যক্ত করেন।

আবু সাদিক কায়েম শিক্ষার্থীদের বাবা-মায়ের প্রতি কৃতজ্ঞ থাকা, তাদের পাশে দাঁড়ানো এবং বিনয়ের সঙ্গে চলার আহ্বান জানান। একই সঙ্গে নিয়মিত পড়াশোনা, আত্মশুদ্ধি, কোরআন-হাদিসের শিক্ষা ও নৈতিক চরিত্র গঠনের ওপর গুরুত্বারোপ করেন।

তিনি বলেন, ‘তোমাদের সামনে যারা বসে আছো, তোমরাই আগামীর বাংলাদেশের নেতৃত্ব দেবে। তোমরাই আগামী দিনের বিজয়ী প্রজন্ম। আমরা যে ইনসাফের বাংলাদেশের স্বপ্ন দেখি, যে সমৃদ্ধ বাংলাদেশের স্বপ্ন দেখি, শহীদ আবু সাঈদসহ যারা সেই স্বপ্নের জন্য জীবন দিয়েছেন, তাদের স্বপ্নের বাংলাদেশ তোমাদের হাত ধরেই ইনশাআল্লাহ গড়ে উঠবে।’

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ছাত্রশিবির ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি হাফেজ দেলাওয়ার হোসেন। শাখা সেক্রেটারি হাফেজ আনোয়ার হোসাইনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঢাকা-৫ আসনের সংসদ সদস্য কামাল হোসাইন, ঢাকা-৪ আসনের সংসদ সদস্য সৈয়দ জয়নুল আবেদীন, যশোর-২ আসনের সংসদ সদস্য ডা. মোসলেহ উদ্দিন ফরিদ, ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর ড. শামসুল আলম, ছাত্রশিবির ঢাকা মহানগর দক্ষিণের সাবেক সভাপতি শাফিউল আলম ও আলাউদ্দিন আবিরসহ অনেকে।

টিএই/এএম

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর