রোববার, ২৩ আগস্ট, ২০২৬, ঢাকা

মালয়েশিয়ার শ্রমবাজার সিন্ডিকেটের হাতে তুলে দেওয়ার অভিযোগ জামায়াতের

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২৩ আগস্ট ২০২৬, ০৬:৩২ পিএম

শেয়ার করুন:

মালয়েশিয়ার শ্রমবাজার সিন্ডিকেটের হাতে তুলে দেওয়ার অভিযোগ জামায়াতের

মালয়েশিয়ায় বাংলাদেশি শ্রমবাজার সীমিতসংখ্যক রিক্রুটিং এজেন্সির হাতে তুলে দিয়ে সিন্ডিকেটভিত্তিক ব্যবস্থা গড়ে তোলার অভিযোগ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। 

দলের সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার বলেন, সরকারের একটি মহল এভাবে দেশের স্বার্থ ক্ষুণ্ন এবং প্রবাসী ‘রেমিট্যান্স যোদ্ধাদের’ ক্ষতিগ্রস্ত করার গভীর ষড়যন্ত্রে লিপ্ত।

রোববার (২৩ আগস্ট) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ অভিযোগ করে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। 

বিবৃতিতে গোলাম পরওয়ার বলেন, বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশটিতে কর্মরত প্রবাসীরা নিজেদের পরিবারের স্বচ্ছলতার পাশাপাশি দেশের অর্থনীতিতেও গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। তাদের স্বার্থরক্ষা, নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা, হয়রানি বন্ধ এবং আর্থিক নিরাপত্তা নিশ্চিত করা সরকারের নৈতিক দায়িত্ব।

তিনি বলেন, সম্প্রতি বিদেশে শ্রমশক্তি পাঠানোর সুযোগ কয়েকটি রিক্রুটিং এজেন্সির মধ্যে সীমাবদ্ধ করে সিন্ডিকেট তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। এতে বায়রার সাধারণ সদস্যদের মধ্যে ব্যাপক উদ্বেগ ও হতাশা তৈরি হয়েছে।

মিয়া গোলাম পরওয়ার বলেন, বিভিন্ন সূত্রে জানা যাচ্ছে, দুই দেশের সরকার মালয়েশিয়ায় শ্রমিক পাঠানোর জন্য মাত্র ২৫টি রিক্রুটিং এজেন্সি নির্বাচন করেছে। এর মাধ্যমে কার্যত একটি সিন্ডিকেটভিত্তিক শ্রমবাজার ব্যবস্থা তৈরি করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

অতীতেও সীমিতসংখ্যক এজেন্সির মাধ্যমে সিন্ডিকেট গঠনের কারণে সাধারণ শ্রমিকদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায় করা হয়েছে এবং হাজার হাজার শ্রমিক ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে দাবি করেন জামায়াতের সেক্রেটারি জেনারেল।

তিনি বলেন, এবারও এ ধরনের ব্যবস্থার কারণে একজন শ্রমিকের মালয়েশিয়া যেতে ৬ থেকে ৭ লাখ টাকা পর্যন্ত খরচ হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এটি সাধারণ শ্রমিক ও তাদের পরিবারের জন্য বড় ধরনের আর্থিক বোঝা হয়ে দাঁড়াবে।

রেমিট্যান্স যোদ্ধাদের স্বার্থরক্ষা, কম খরচে বিদেশের শ্রমবাজারে প্রবেশ এবং তাদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারকে জোরালো ও কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান গোলাম পরওয়ার।

তিনি বলেন, দেশে দুই হাজারের বেশি বৈধ রিক্রুটিং এজেন্সি রয়েছে। তাই মালয়েশিয়ার শ্রমবাজারে বিশেষ ২৫টি এজেন্সির মাধ্যমে গঠিত সিন্ডিকেট ভেঙে বায়রার সদস্য ও অভিজ্ঞ রিক্রুটিং এজেন্সিগুলোর জন্য উন্মুক্ত, স্বচ্ছ ও সমান সুযোগ নিশ্চিত করতে হবে।

এর মাধ্যমে প্রতারণা বন্ধ এবং হাজারো সাধারণ শ্রমিককে সম্ভাব্য শোষণ, অতিরিক্ত ব্যয় ও সিন্ডিকেটের দৌরাত্ম্য থেকে রক্ষা করা সম্ভব হবে বলেও মন্তব্য করেন তিনি। একইসঙ্গে কম খরচে নাগরিকদের বৈদেশিক শ্রমবাজারে যাওয়ার সুযোগ নিশ্চিত করার দাবি জানান।

গোলাম পরওয়ার বলেন, সহজ ও স্বল্প খরচে আন্তর্জাতিক শ্রমবাজারে প্রবেশের সুযোগ নিশ্চিত করা, নাগরিকদের স্বার্থরক্ষায় কূটনৈতিক পদক্ষেপ নেওয়া, নিরাপত্তা বিধান এবং প্রতারণার হাত থেকে রক্ষা করা প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রধান দায়িত্ব।

তবে মন্ত্রণালয়ের কর্মকর্তাদের বিরুদ্ধে সিন্ডিকেটের সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগ উঠেছে বলেও দাবি করেন তিনি। 

এ ধরনের অভিযোগকে উদ্বেগজনক উল্লেখ করে অবিলম্বে জনস্বার্থবিরোধী সব কার্যক্রম থেকে সরে এসে নিরাপদ ও স্বচ্ছ বৈদেশিক শ্রমবাজার নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানান জামায়াতের সেক্রেটারি জেনারেল।

টিএই/এএইচ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর