বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬, ঢাকা

কাকে ভোট দিলেন ইসলামী আন্দোলনের একমাত্র এমপি?

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২০ আগস্ট ২০২৬, ০৯:৩৯ পিএম

শেয়ার করুন:

কাকে ভোট দিলেন ইসলামী আন্দোলনের একমাত্র এমপি?
মাহমুদুল হোসাইন অলিউল্লাহ। ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ভোট দিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের একমাত্র সংসদ সদস্য মাহমুদুল হোসাইন অলিউল্লাহ। দলটি ভোট দেওয়া থেকে বিরত থাকার সিদ্ধান্ত নিলেও শেষ পর্যন্ত দলীয় আমির সৈয়দ মুহাম্মদ রেজাউল করীমের নির্দেশে ভোট দেন তিনি।

বৃহস্পতিবার (২০ আগস্ট) বিকেল ৪টার দিকে সংসদে গিয়ে ভোট দেন অলিউল্লাহ। ইসলামী আন্দোলন সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। দলটির প্রচার সম্পাদক শেখ ফজলুল করিম মারুফ জানিয়েছেন, দলের এমপি রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিয়েছেন।

প্রায় ৩৫ বছর পর বৃহস্পতিবার প্রথমবারের মতো প্রকাশ্য ব্যালটে রাষ্ট্রপতি নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এতে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৫৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১-দলীয় ঐক্যের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম পেয়েছেন ৮৮ ভোট।

নির্বাচনে মোট ভোটার ছিলেন ৩৪৯ জন সংসদ সদস্য। ভোট দিয়েছেন ৩৪৩ জন। ভোট দেননি বিএনপির ঢাকা-৮ আসনের এমপি মির্জা আব্বাস, কিশোরগঞ্জ-৩ আসনের ড. ওসমান ফারুক এবং চট্টগ্রাম-৩ আসনের মোস্তফা কামাল পাশা। ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র এমপি ব্যারিস্টার রুমিন ফারহানাও ভোট দিতে আসেননি।

এ ছাড়া জামায়াত থেকে বহিষ্কৃত সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুল ইসলাম এবং বিরোধী জোটের সিলেট-৫ আসনের এমপি মোহাম্মদ আবুল হাসানও ভোট দেননি। খেলাফত মজলিসের এমপি আবুল হাসান বর্তমানে যুক্তরাজ্যে রয়েছেন। দলটি সংসদে জামায়াতের সঙ্গে থাকলেও ১১-দলীয় ঐক্যের কর্মসূচি থেকে নিজেদের সরিয়ে নেওয়ার ঘোষণা দিয়েছে।

ফলে বিরোধী জোটের ৯০ এমপির মধ্যে ৮৮ জনের ভোট পেয়েছেন কর্নেল অলি আহমদ। অন্যদিকে বিএনপির ২৪৭ এমপির মধ্যে ২৪৪ জন মির্জা ফখরুলকে ভোট দিয়েছেন। রুমিন ফারহানা ছাড়া বাকি সাত স্বতন্ত্র এমপির ভোটও পেয়েছেন তিনি। ইসলামী আন্দোলন ছাড়া বিএনপির জোটের শরিক বিজেপি, গণ-অধিকার পরিষদ ও গণসংহতি আন্দোলনের তিন এমপির ভোটও মির্জা ফখরুল পেয়েছেন।

১৯৯১ সালের রাষ্ট্রপতি নির্বাচন আইন অনুযায়ী, সংসদ সদস্যদের প্রকাশ্য ব্যালটে ভোট দিতে হয়। ফলে কোন সংসদ সদস্য কোন প্রার্থীকে ভোট দিয়েছেন, তা জানা সম্ভব হয়।

টিএই/এআর

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর