বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি পদে পদোন্নতি হওয়ায় মাতৃভূমি গ্রুপের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. হানিফ মিয়াকে সংবর্ধনা দিয়েছে প্রতিষ্ঠানটির কর্মকর্তা-কর্মচারীরা।
মঙ্গলবার (১৮ আগস্ট) মাতৃভূমি গ্রুপের কার্যালয়ে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে তাকে এ সংবর্ধনা দেওয়া হয়।
অনুষ্ঠানে মাতৃভূমি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার মো. মাইনউদ্দিন মিয়া হানিফ মিয়ার হাতে ফুলের তোড়া তুলে দিয়ে শুভেচ্ছা জানান।
সংবর্ধনা অনুষ্ঠানে আবেগাপ্লুত হানিফ মিয়া বলেন, ‘আমার এ পদোন্নতি দেওয়ায় আমি মাননীয় প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান এবং মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাতের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।’
তিনি বলেন, ‘আমি তরুণ বয়সে দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের জন্য মুক্তিযুদ্ধ করেছিলাম। এখন শেষ বয়সে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের দিকনির্দেশনায় দেশ গড়ায় ভূমিকা রাখতে চাই।’
একইসঙ্গে মাতৃভূমি গ্রুপের মাধ্যমে দেশের অর্থনৈতিক উন্নয়ন, অবকাঠামোগত পরিবর্তন এবং বেকারত্ব নিরসনে অগ্রণী ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
সংবর্ধনা অনুষ্ঠানে মাতৃভূমি গ্রুপের পরিচালক (অর্থ) মো. ফিরোজ আলম, পরিচালক (ক্রয়) মো. মহিউদ্দিন মিয়া, পরিচালক (মার্কেটিং) মো. জহিরুল ইসলাম, কনসালটেন্ট হাসান আব্দুল্লাহ, এক্সিকিউটিভ ডিরেক্টর তরিকুল ইসলামসহ গ্রুপের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
গত ১৬ জুন বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভায় সর্বসম্মত সিদ্ধান্তে হানিফ মিয়াকে কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক পদ থেকে সহসভাপতি পদে পদোন্নতি দেওয়া হয়। এ-সংক্রান্ত চিঠি গত ৩০ জুলাই মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাতের স্বাক্ষরে তাকে দেওয়া হয়।
চিঠিতে ইশতিয়াক আজিজ উলফাত আশা প্রকাশ করেন, হানিফ মিয়ার পদোন্নতি আগামী দিনে বিএনপি ও জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের কর্মকাণ্ডকে আরও গতিশীল করবে।
এএইচ




