জুলাই শহীদদের নিয়ে সংকীর্ণ রাজনীতি না করতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক।
মঙ্গলবার (১৮ আগস্ট) রাজধানীর হাতিরঝিলের মধুবাগ কাদেরিয়া পার্টি সেন্টার মিলনায়তনে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির দুই শহীদসহ চব্বিশের গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে আয়োজিত স্মরণ সমাবেশে তিনি এ আহ্বান জানান। হাতিরঝিল আঞ্চলিক কমিটি এ সমাবেশের আয়োজন করে।
তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানের শহীদরা একটি বৈষম্যহীন, গণতান্ত্রিক ও মানবিক রাষ্ট্র ও সমাজের জন্য জীবন উৎসর্গ করেছেন। বিশেষ কোনো শক্তি বা গোষ্ঠীর রাজনৈতিক পুঁজি বাড়াতে তাঁরা জীবন দেননি। অবিলম্বে জুলাই শহীদ ও আহতদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করে তাঁদের যথাযথ মর্যাদা দিতে হবে।
গত দুই বছরে দেশে অর্থনৈতিক ও সামাজিক বৈষম্য, চাকরিচ্যুতি ও কর্মহীনতা বৃদ্ধি পেয়েছে বলে জানিয়ে তিনি আরও বলেন, মানুষের জীবন-জীবিকা নিরাপদ হয়নি। সন্ত্রাস, চাঁদাবাজি, দখলদারত্ব এখনো বন্ধ হয়নি। বিদেশ-নির্ভর জ্বালানি নীতির কারণে গ্যাস-বিদ্যুৎ সংকট ঘনীভূত হয়েছে। তাই সরকারকে জ্বালানির ক্ষেত্রে বিদেশ-নির্ভরতা কাটিয়ে উঠতে বাপেক্সসহ দেশীয় প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করতে হবে।
গত ছয় মাসে বিএনপি সরকার কয়েকটি ক্ষেত্রে সাফল্য দেখাতে না পারলেও গণতান্ত্রিক অধিকার ও গণতান্ত্রিক সহিষ্ণুতার ক্ষেত্রে দৃষ্টান্তমূলক সাফল্য দেখিয়েছে দাবি করে সাইফুল হক বলেন, এই সময়ে রাষ্ট্রীয় নিপীড়ন ও সন্ত্রাসের পথ পরিহার করে যে শাসনপদ্ধতি চলছে, তা অব্যাহত রাখতে হবে। আর গত ছয় মাসে সরকার সামাজিক ও অর্থনৈতিক সুরক্ষায় যেসব প্রশংসনীয় উদ্যোগ নিয়েছে, মানুষ তার বাস্তবায়ন দেখতে চাইবে।
সমাবেশে সভাপতিত্ব করেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির হাতিরঝিল আঞ্চলিক কমিটির নেত্রী নার্গিস আকতার লিমা।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন দলের রাজনৈতিক পরিষদের সদস্য বহ্নিশিখা জামালী, আকবর খান, মাহমুদ হোসেন, কেন্দ্রীয় কমিটির সদস্য সাইফুল ইসলাম, বিএনপির স্থানীয় নেতা আব্দুর রশীদ খান ও আকতারুজ্জামান রাজিব প্রমুখ।
এমআইকে/এআর




