সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষ্যে কর্মসূচি ঘোষণা করেছে জাতীয়তাবাদী কৃষকদল।
শুক্রবার (১৪ আগস্ট) বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে কর্মসূচির কথা জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘গণতন্ত্রের মা’ সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষ্যে বিএনপির উদ্যোগে আগামীকাল শনিবার (১৫ আগস্ট) সকাল ১১টায় রাজধানীর নয়াপল্টনস্থ বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। কেন্দ্রীয় এবং ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ-কৃষকদলের নেতাকর্মীরা উক্ত মিলাদ ও দোয়া মাহফিলে অংশগ্রহণ করবেন।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, দেশব্যাপী জেলা ও মহানগর এবং জেলা ও মহানগরের অধীন ইউনিটগুলো শনিবার স্থানীয় বিএনপির সঙ্গে সমন্বয় করে স্ব স্ব ইউনিটে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করবে।
কৃষকদলের দফতার সম্পাদক মো. শফিকুল ইসলামের সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়, কৃষকদলের সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন এবং সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল স্ব স্ব ইউনিটকে নির্দেশনা অনুযায়ী মিলাদ ও দোয়া মাহফিলে অংশগ্রহণ এবং আয়োজন করার জন্য নির্দেশ প্রদান করেছেন।
এএম




