বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬, ঢাকা

রাষ্ট্রপতি পদে কর্নেল অলির মনোনয়নপত্র দাখিল

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৩ আগস্ট ২০২৬, ১২:১৪ পিএম

শেয়ার করুন:

রাষ্ট্রপতি পদে কর্নেল অলির মনোনয়নপত্র দাখিল
১১ দলীয় জোটের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদের মনোনয়নপত্র দাখিল করা হয়েছে। ছবি: ঢাকা মেইল

২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদের মনোনয়নপত্র দাখিল করা হয়েছে।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) নির্বাচন ভবনে জোটের পক্ষ থেকে নির্বাচনি কর্তা হিসেবে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের কাছে মনোনয়ন জমা দেন। 

জোটের সমন্বয়ক ও জামায়াতে ইসলামির সহকারি সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ সিইসির কাছে মনোনয়নপত্র জমা দেন। এ সময় শরিক দলগুলোর অন্য নেতারাও উপস্থিত ছিলেন।

অলি আহমদের মনোনয়নপত্রে প্রস্তাবক হয়েছেন ঢাকা-১৫ আসনের সংসদ সদস্য ও জামায়াতের আমির ডা. শফিকুর রহমান আর সমর্থক হয়েছেন নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি ও এনসিপির নেতা আব্দুল্লাহ আল আমিন।

এদিকে দুপুরে স্থায়ী কমিটির বৈঠকের পর বিএনপি প্রার্থীর মনোনয়নপত্র দাখিল করা হবে বলে জানা গেছে।

তফসিল অনুযায়ী, বৃহস্পতিবার বিকেল ৪টার মধ্যে মনোনয়নপত্র দাখিল করতে হবে। মনোনয়নপত্র বাছাইয়ের সময় ১৬ আগস্ট। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১৮ অগাস্ট। ভোটগ্রহণ সংসদ অধিবেশন কক্ষে ২০ আগস্ট দুপুর ২টা থেকে ৫টা পর্যন্ত।

গত ২৪ জুলাই ২২-তম রাষ্ট্রপতি অসুস্থতা দেখিয়ে পদত্যাগ করলে সম্প্রতি নির্বাচনের তফসিল দেয় ইসি। এবার রাষ্ট্রপতি নির্বাচনে একাধিক প্রার্থী হওয়ার সম্ভাবনা রয়েছে। ফলে ১৯৯১ সালের পর আবারও রাষ্ট্রপতি পদে নির্বাচন অনুষ্ঠিত হতে পারে।

এমএইচএইচ/এমআই

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর