আগামী ২০ আগস্ট জাতীয় সংসদে দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। সেই ভোটকে সামনে রেখে বৃহস্পতিবার (১২ আগস্ট) রাষ্ট্রপতি পদে দলীয় প্রার্থীর নাম ঘোষণা করবে সরকারি দল বিএনপি।
বুধবার (১২ আগস্ট) দলের স্থায়ী কমিটির পক্ষ থেকে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
কমিটির একাধিক নেতা জানিয়েছেন, বৃহস্পতিবার দুপুর ১২টায় সচিবালয়ে দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠকে রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী চূড়ান্ত করা হবে। এরপর প্রার্থীর সম্মতি ও প্রস্তাবক-সমর্থকের স্বাক্ষরসহ মনোনয়নপত্র নির্বাচন কমিশনে জমা দেওয়া হবে।
এর আগে গত ১০ আগস্ট বিএনপির জাতীয় স্থায়ী কমিটির বৈঠকে রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী মনোনয়নের দায়িত্ব তারেক রহমানের ওপর দেওয়া হয়। বৈঠক শেষে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের সেই সিদ্ধান্তের কথা জানান।
বিএনপির স্থায়ী কমিটির একজন সদস্য বলেন, ‘চেয়ারম্যানের সঙ্গে বৈঠকে রাষ্ট্রপতি পদে যিনি প্রার্থী হবেন তার নাম আমরা জানতে পারব। সেই বৈঠকে সম্ভাব্য প্রার্থীর স্বাক্ষর নেওয়া হবে এবং প্রস্তাবক ও সমর্থকের স্বাক্ষরসহ মনোনয়ন ফরম নির্বাচন কমিশনে জমা দেওয়ার জন্য একটি প্রতিনিধি দলকে পাঠানো হবে।’
রাষ্ট্রপতি পদে বিএনপির সম্ভাব্য প্রার্থী হিসেবে দলের মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম রাজনৈতিক অঙ্গনে বেশি আলোচিত হচ্ছে। তবে বুধবার পর্যন্ত দলীয়ভাবে তার নাম নিশ্চিত করা হয়নি।
এর আগে গত রোববার (৯ আগস্ট) রাষ্ট্রপতি নির্বাচনের জন্য নির্বাচন কমিশন (ইসি) থেকে দুটি মনোনয়নপত্র সংগ্রহ করে বিএনপির দুই জ্যেষ্ঠ নেতা দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ও সংসদের সরকার দলীয় চিফ হুইপ নুরুল ইসলাম মনি।
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেন সংসদ সদস্যরা। সচারচর ক্ষমতাসীন দলের প্রার্থীই রাষ্ট্রপতি নির্বাচনে বিজয়ী হন। বিরোধী দল সাধারণত এ পদে প্রার্থী দেয় না। তাই ভোটাভুটিরও দরকার পড়ে না।
তবে এবার ১১ দলীয় জোটের পক্ষ থেকে জাতীয় সংসদের বিরোধী দল জামায়াতে ইসলামী রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী ঘোষণা করেছে। গত রোববার (৯ আগস্ট) দুপুরে বিরোধী দলীয় নেতার সরকারি বাসভবনে এক বৈঠকে এলডিপির চেয়ারম্যান কর্নেল অলি আহমদকে ১১ দলীয় জোটের পক্ষ থেকে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা করা হয়।
তার আগে দেশের ২২তম রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন গুরুতর অসুস্থতার কারণ দেখিয়ে গত ২৪ জুলাই পদত্যাগ করায় মেয়াদপূর্তির আগেই এ নির্বাচনের আয়োজন করতে হচ্ছে নির্বাচন কমিশনকে।
সংবিধান অনুযায়ী, নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। এসময় স্পিকারের দায়িত্ব পালন করছেন ডেপুটি স্পিকার কায়সার কামাল।
রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ার ৯০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন সম্পন্ন করার বাধ্যবাধকতা রয়েছে সংবিধানে। সে অনুযায়ী ইতোমধ্যে নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন।
তফসিল অনুযায়ী, আগামী ২০ আগস্ট রাষ্ট্রপতি পদে নির্বাচন। এদিন জাতীয় সংসদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত। নির্বাচনে অংশ নিতে মনোনয়নপত্র জমা দেওয়া যাবে ১৩ আগস্ট সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত।
এএইচ



