সোমবার, ১০ আগস্ট, ২০২৬, ঢাকা

জুলাই জাদুঘর থেকে ভাস্কর্যের মুখাবয়ব মুছে ফেলার আহ্বান মামুনুল হকের

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১০ আগস্ট ২০২৬, ০৫:২৯ এএম

শেয়ার করুন:

জুলাই জাদুঘর থেকে ভাস্কর্যের মুখাবয়ব মুছে ফেলার আহ্বান মামুনুল হকের

জুলাই গণঅভ্যুত্থান জাদুঘরে থাকা মানুষের ভাস্কর্যগুলোর মুখাবয়ব মুছে ফেলার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক।

রোববার (৯ আগস্ট) জুলাই জাদুঘর পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ আহ্বান জানান। এ সময় বাংলাদেশ খেলাফত মজলিসের বিভিন্ন পর্যায়ের নেতারা তার সঙ্গে ছিলেন।

জাদুঘরে থাকা ভাস্কর্য প্রসঙ্গে মামুনুল হক বলেন, ফ্যাসিবাদের সময়ে আমরা একটি গুরুত্বপূর্ণ আন্দোলন ও সংগ্রামের মধ্য দিয়ে গিয়েছি- সেটি হলো ভাস্কর্যবিরোধী আন্দোলন। আমাদের স্পষ্ট বক্তব্য ছিল, রাষ্ট্রীয় স্থাপনায় মুসলিম সংস্কৃতি ও মূল্যবোধবিরোধী মানুষের ভাস্কর্য থাকতে পারে না। সে জায়গা থেকে শাপলা চত্বরের শহীদদের মুখাবয়ব বাদ দিয়ে তাদের স্মৃতি ও ঘটনাকে চিত্রিত করার পরামর্শ দিচ্ছি।

এই জাদুঘরে বিভিন্ন ঘটনা বাদ পড়েছে অভিযোগ করে তিনি বলেন, শেখ হাসিনার শাসনামলের বড় আন্দোলনগুলোর একটি ২০২১ সালের মোদিবিরোধী আন্দোলন। সেই আন্দোলনেরও উল্লেখযোগ্য কোনো স্মৃতি এখানে সংরক্ষিত হয়নি। অথচ সেই সময়ের শহীদ ও আহত ব্যক্তিরা এখনো আমাদের মাঝে জীবন্ত ইতিহাস হয়ে রয়েছেন।

এছাড়াও সীমান্তে ফেলানি হত্যার স্মৃতি, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বাড়ির সামনের বালুর ট্রাক দিয়ে অবরুদ্ধ রাখা, দেলোয়ার হোসেন সাঈদীর মৃত্যুদণ্ডের ঘোষণার পরের হত্যাকাণ্ড ও ২০২১ সালে মোদী বিরোধী আন্দোলনে নিহতদের স্মৃতি না রাখা নিয়ে ক্ষোভ জানান বাংলাদেশ খেলাফত মজলিসের আমির।

/এএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর