বাংলাদেশের রাষ্ট্রপতি পদের জন্য কর্নেল (অব.) অলি আহমদকে সবচেয়ে যোগ্য ব্যক্তি বিবেচনা করে ১১ দলীয় জোটের প্রার্থী করা হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক।
রোববার (৯ আগস্ট) দুপুরে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এমন মন্তব্য করেন।
মামুনুল হক জানান, তারা বাংলাদেশের প্রেসিডেন্ট পদের জন্য যোগ্য একজন ব্যক্তিকে মনোনয়ন দিতে পেরেছেন।
তার ভাষায়, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের রণাঙ্গনের বীর যোদ্ধা, বর্ষীয়ান রাজনীতিবিদ এবং দেশের বর্তমান রাজনৈতিক ও আন্তর্জাতিক চ্যালেঞ্জ মোকাবিলায় পরীক্ষিত ব্যক্তি হিসেবে কর্নেল অলি আহমদকে তারা প্রার্থী করেছেন।
মামুনুল হক বলেন, ‘আমরা অত্যন্ত আনন্দিত যে, আমাদের বিবেচনায় বাংলাদেশের প্রেসিডেন্ট পদের জন্য সবচেয়ে যোগ্য একজন ব্যক্তিকে আমরা মনোনয়ন দিতে পেরেছি।’
বাংলাদেশ খেলাফত মজলিসের আমির বলেন, ‘১৯৭১ থেকে ২০২৪ সাল পর্যন্ত বাংলাদেশের রাজনৈতিক সংগ্রাম ও জুলাই গণঅভ্যুত্থানের চেতনার একজন ধারক হিসেবে কর্নেল অলি আহমদকে আমরা বিবেচনা করেছি। আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে বাংলাদেশের চলমান লড়াইয়েও তার ভূমিকা রয়েছে।’
মামুনুল হক আরো বলেন, ’১১ দলের বাইরেও বিএনপিসহ দেশপ্রেমিক ও দেশকে ভালোবাসেন এমন ব্যক্তিরা কর্নেল অলি আহমদের যোগ্যতা ও অগ্রগণ্যতার বিষয়টি স্বীকার করবেন বলে আমরা প্রত্যাশা করি।’
রাষ্ট্রপতি নির্বাচিত হলে কর্নেল অলি আগামী বাংলাদেশকে সঠিক ধারায় নেতৃত্ব দেবেন বলে আশাবাদ ব্যক্ত করেন জোটের এই নেতা।
এর আগে ১১ দলীয় জোটের বৈঠকে রাষ্ট্রপতি নির্বাচনে জোটের প্রার্থী হিসেবে এলডিপি সভাপতি কর্নেল (অব.) অলি আহমদের নাম চূড়ান্ত করা হয়।
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সভাপতিত্বে বৈঠকে আরও ছিলেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারওয়ার, ১১ দলীয় জোটের সমন্বয়ক ড. হামিদুর রহমান আযাদ, এলডিপির কর্নেল (অব.) অলি আহমদ, জাগপার রাশেদ প্রধান, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম এবং নাসীরুদ্দীন পাটওয়ারীসহ জোটের শীর্ষ নেতারা।
টিএই/এমআর




