জুলাই গণ-অভ্যুত্থানে নিজ ঘরের বারান্দায় পুলিশের গুলিতে নিহত শহীদ নাইমা সুলতানার পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।
শনিবার (৮ আগস্ট) রাত ৯টার দিকে রাজধানীর উত্তরা ৯ নম্বর সেক্টরে নাইমা সুলতানার বাসায় গিয়ে তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। এ সময় তাঁর সঙ্গে ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিম।
বিরোধীদলীয় নেতা নাইমা সুলতানার পরিবারের সঙ্গে সাক্ষাৎ করতে বাসায় আসছেন—এ খবর পেয়ে সেখানে বিপুলসংখ্যক দলীয় নেতা-কর্মী ও সাধারণ মানুষ জড়ো হন।
ডা. শফিকুর রহমান বলেন, তিনি নিজে বহু শহীদ পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেছেন। তবে শহীদ নাইমা সুলতানার পরিবার তাঁর কাছাকাছি হওয়ার পরও সাক্ষাৎ করতে অনেক সময় লেগে যাওয়ায় তিনি দুঃখ প্রকাশ করেন।
তিনি শহীদ নাইমা সুলতানার পরিবারের জন্য মহান আল্লাহর দরবারে দোয়া করেন এবং শহীদের প্রত্যাশা পূরণে ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন। পরে দেশ ও জাতির কল্যাণ ও মঙ্গল কামনা করে উপস্থিত সবাইকে ধন্যবাদ জানান।
এ সময় উত্তরা পূর্ব অঞ্চলের পরিচালক জামাল উদ্দিন, উত্তরা পশ্চিম অঞ্চলের সহকারী পরিচালক মাহবুবুল আলম, উত্তরা পশ্চিম থানা আমির মাজহারুল ইসলাম, তুরাগ মধ্য থানা আমির গাজী মনির হোসাইন, তুরাগ উত্তর থানা আমির আলী হোসাইন মুরাদ, অধ্যক্ষ আশরাফুল হক, ইসরাফিল হোসেন, কামরুল হাসান, ফিরোজ আলমসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
টিএই/ এজে




