বুধবার, ৫ আগস্ট, ২০২৬, ঢাকা

শহীদ মিনারে ছাত্রদলের পরিচ্ছন্নতা অভিযান

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৫ আগস্ট ২০২৬, ০৪:১৮ পিএম

শেয়ার করুন:

শহীদ মিনারে ছাত্রদলের পরিচ্ছন্নতা অভিযান
কেন্দ্রীয় শহীদ মিনার এলাকা পরিচ্ছন্ন করছে ছাত্রদল। ছবি: ঢাকা মেইল

বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের কর্মসূচি শেষে কেন্দ্রীয় শহীদ মিনার এলাকা পরিচ্ছন্ন করতে অভিযান চালিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।

বুধবার (৫ আগস্ট) বিকেলে ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সহসভাপতি এইচ এম আবু জাফরের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

এ সময় নেতাকর্মীরা শহীদ মিনার প্রাঙ্গণে ছড়িয়ে-ছিটিয়ে থাকা প্লাস্টিক, বোতল, কাগজসহ বিভিন্ন ধরনের বর্জ্য পরিষ্কার করেন।

অভিযান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এইচ এম আবু জাফর বলেন, আজ ৫ আগস্ট বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের কর্মসূচির কারণে শহীদ মিনার এলাকা অপরিচ্ছন্ন হয়ে পড়ে। জাতীয় স্মৃতিসৌধের প্রতি দায়িত্ববোধ থেকেই ছাত্রদল এ পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে।

তিনি বলেন, পরিবেশ সুরক্ষায় সরকারের বিভিন্ন উদ্যোগ রয়েছে। পরিচ্ছন্ন ও সচেতন বাংলাদেশ গড়ে তুলতে সবার সম্মিলিত অংশগ্রহণ প্রয়োজন।

সাম্প্রতিক সময়ে বিভিন্ন ক্যাম্পাসের পরিস্থিতি নিয়ে এক প্রশ্নের জবাবে এইচ এম আবু জাফর বলেন, ছাত্রশিবির বিভিন্ন স্থানে মতবিরোধ তৈরির চেষ্টা করছে। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়সহ কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানে তারা মব সৃষ্টি করেছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এজিএসকে ছাত্রদল হাসপাতালে নিয়ে গেছে। তারা ক্যাম্পাসগুলোতে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে চায়।

তিনি বলেন, আমরা কোনো বিভেদ চাই না। তবে কেউ উসকানি দিয়ে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করলে ছাত্রদল বসে থাকবে না। একই সঙ্গে ক্যাম্পাসে কোনো ধরনের দখলদারিত্বও চলতে দেওয়া হবে না।

পরিচ্ছন্নতা অভিযানে উপস্থিত ছিলেন ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ফারহান আরিফ, যুগ্ম সাধারণ সম্পাদক বায়জিদ আহমেদ, ১ নম্বর সহসাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, কবি নজরুল সরকারি কলেজ শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক কে এম সিরাজুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক মাহিন বাবু ও রাসেল রাহা, বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম সাধারণ সম্পাদক ইয়াছির আরাফাত সার্জু এবং যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউল হক জিয়া।

এ ছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা মহানগর উত্তর ও ঢাকা মহানগর দক্ষিণসহ ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেন।

এমআর/এআর

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর